পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে আরও এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে এ বিদ্যুৎ গ্রিডে সরবরাহ শুরু হয়। পরীক্ষামূলক এ সরবরাহ কয়েক ঘণ্টা অব্যাহত থাকবে। সব পরীক্ষা-নিরীক্ষা শেষে স্থায়ীভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।
প্রকল্পের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রাথমিক পরীক্ষামূলক সংযোগের আওতায় উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময় টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পরীক্ষা করা হবে।
পরীক্ষার পর প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদ্যুৎকেন্দ্রটি গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর পুনরায় ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করে বিভিন্ন পরীক্ষা সম্পন্ন করা হবে।
প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রথম ইউনিটের রিঅ্যাক্টর, টারবাইনসহ গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির পরীক্ষা-নিরীক্ষা শেষ হয়েছে। এখন জাতীয় গ্রিডের সক্ষমতা, ফ্রিকোয়েন্সি এবং বিদ্যুৎ সরবরাহের স্থিতিশীলতা যাচাই করা হচ্ছে। সফলভাবে পরীক্ষা সম্পন্ন হলে আগামী ২১ নভেম্বর অথবা নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে।
উল্লেখ্য, ২০১৩ সালের ২ অক্টোবর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রথম পর্যায়ের কাজের উদ্বোধন করা হয়। ২০১৭ সালের ৩০ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম ইউনিটের প্রথম কংক্রিট ঢালাইয়ের উদ্বোধন করেন। রাশিয়ার সহযোগিতায় নির্মিত এ বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের প্রতিটির উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। অর্থাৎ কেন্দ্রটি থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। প্রকল্পটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ১ লাখ ১৩ হাজার কোটি টাকা।
মন্তব্য করুন