২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যৌথভাবে বাংলাদেশ ও ভারতে অনুষ্ঠিত হবে এই আসর। আগামী ৯ অক্টোবর শুরু হয়ে ২৩ নভেম্বর পর্দা নামবে টুর্নামেন্টের।
২০৩৫ সাল পর্যন্ত পুরুষদের প্রধান আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টগুলোর সম্ভাব্য সূচি প্রকাশ করেছে আইসিসি। এর মধ্যে রয়েছে ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনাল।
ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসি বোর্ডের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সূচি অনুযায়ী, ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। আগামী ১২ অক্টোবর শুরু হয়ে ১২ নভেম্বর শেষ হবে এই আসর।
অন্যদিকে, ২০৩০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে। তবে ২০৩২ ও ২০৩৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক এখনো চূড়ান্ত করেনি আইসিসি।
এদিকে, ২০৩৫ সাল পর্যন্ত প্রতি দুই বছর পর জুন মাসে অনুষ্ঠিত হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ২০২৯ ও ২০৩১ সালের ফাইনাল আয়োজনের দায়িত্ব পেয়েছে ইংল্যান্ড। এ ছাড়া ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে ভারত।
আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্তা জানিয়েছেন, দীর্ঘমেয়াদি এই সূচি ক্রিকেটার ও সদস্য দেশগুলোকে ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে সহায়তা করবে। পাশাপাশি খেলোয়াড়দের উন্নয়নের সুযোগ সৃষ্টি, উচ্চমানের ক্রিকেট আয়োজন এবং আন্তর্জাতিক ক্রিকেটের সুশৃঙ্খল সূচি নিশ্চিত করতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য করুন