স্বাগতিক বাংলাদেশ ফাইনালে উঠতে না পারায় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের টিকিটের দামে বড় ধরনের ছাড় দেওয়া হয়েছে। গ্রুপ পর্বে যে গ্যালারি টিকিটের দাম ছিল ১ হাজার টাকা, ফাইনালে সেই টিকিট বিক্রি হচ্ছে মাত্র ২০০ টাকায়। টিকিট বিক্রির দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ‘টিকিফাই’-এর ওয়েবসাইটে আজ এ চিত্র দেখা গেছে।

এর আগে টিকিটের দাম ১ হাজার টাকা নির্ধারণ করায় সমর্থকদের মধ্যে ক্ষোভ ও প্রতিবাদ দেখা দিয়েছিল। তখন সাফ কর্তৃপক্ষ এবং টুর্নামেন্টের স্বত্ব পাওয়া মার্কেটিং পার্টনার ‘টিএসএ’-এর কর্মকর্তারা বিভিন্ন যুক্তি তুলে ধরেছিলেন। অথচ ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে, যখন টিকিটের দাম বেশি থাকার কথা, তখনই তা কমিয়ে ২০০ টাকা করা হয়েছে।

হঠাৎ করে টিকিটের দাম এতটা কমানোর কারণ জানতে চাওয়া হলেও কোনো উত্তর দেননি সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল।

উল্লেখ্য, জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল ম্যাচে ২১ হাজার ৯৮৩ জন দর্শক উপস্থিত ছিলেন। তবে পাকিস্তানের কাছে হেরে বাংলাদেশ টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ায় ফাইনালে দর্শক উপস্থিতি কম হওয়ার আশঙ্কা রয়েছে। এখন টিকিটের দাম কমানোর পর কতজন দর্শক মাঠে আসেন, সেটিই দেখার বিষয়।