লিওনেল মেসি-পরবর্তী যুগের শুরুটা জয় দিয়ে করতে পারল না আর্জেন্টিনা। ঘরের মাঠ লা বোম্বোনেরায় উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরেছে বিশ্বচ্যাম্পিয়নরা। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি নবায়নের পর প্রথম ম্যাচেই হারের স্বাদ পেলেন কোচ লিওনেল স্কালোনি। তবে পরাজয়ের মধ্যেও দলের পারফরম্যান্সে ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন তিনি।
মেসির অনুপস্থিতিতে নতুন করে দল গড়ে তোলার চ্যালেঞ্জের কথা স্বীকার করেছেন স্কালোনি। একই সঙ্গে তরুণ খেলোয়াড়দের ওপর অতিরিক্ত দায়িত্ব না চাপিয়ে তাদের সময় ও সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
ম্যাচ শেষে স্কালোনি বলেন, ‘আমরা তাদের কাছ থেকে দলকে নিজেদের কাঁধে বয়ে নিয়ে যাওয়ার আশা করতে পারি না।’ তরুণ খেলোয়াড়দের নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলার সুযোগ দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
আর্জেন্টিনা কোচ বলেন, হারের অনেক ধরন আছে। দল নিজেদের সুযোগ তৈরি করেছিল এবং প্রতিপক্ষকে কঠিন পরিস্থিতিতে ফেলতে চেষ্টা করেছে। তবে শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি। প্রতিপক্ষ ভালো খেললে তাদের অভিনন্দন জানাতে হয়।
দুই গোলে পিছিয়ে পড়ার পর আর্জেন্টিনার ঘুরে দাঁড়ানোর চেষ্টায় সন্তুষ্ট স্কালোনি। তিনি বলেন, দল ধৈর্য ধরে খেলেছে এবং প্রতিপক্ষের ওপর চাপ তৈরির চেষ্টা করেছে। নতুন খেলোয়াড়দের সতীর্থদের সঙ্গে বোঝাপড়া তৈরি করতে আরও ম্যাচ খেলার প্রয়োজন।
আগামী মঙ্গলবার কর্দোবায় কোস্টারিকার বিপক্ষে বছরের শেষ ম্যাচে একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন স্কালোনি। এ প্রসঙ্গে তিনি বলেন, কিছু খেলোয়াড়কে আবার মাঠে নামানো হতে পারে।
এদিকে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে গোলরক্ষক জেরোনিমো রুলির। দুই গোল হজম করলেও তার পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট কোচ। স্কালোনি বলেন, গোল দুটি ঠেকানোর ক্ষেত্রে রুলির তেমন কিছু করার ছিল না। তাকে নিয়েই তারা সন্তুষ্ট।
আর্জেন্টিনার কোচ বলেন, দলকে আরও উন্নত করতে ম্যাচ খেলে যেতে হবে এবং তরুণদের সুযোগ দিতে হবে। বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা ধরে রাখাই তাদের লক্ষ্য।
মন্তব্য করুন