বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার প্রকাশিত ২০২৭ সালের তালিকায় প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছেন তিনি।

‘দ্য মুসলিম ৫০০’-এর ১৮তম সংস্করণে রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে তারেক রহমানের নাম রাখা হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্বে তাঁর ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

এবারের তালিকায় বাংলাদেশ থেকে আরও স্থান পেয়েছেন প্রখ্যাত মানবাধিকারকর্মী ও আইন ও সালিশ কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা ড. হামিদা হোসেন এবং আইনজীবী রাজিয়া সুলতানা। নারীর অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অবদানের জন্য হামিদা হোসেন এবং রোহিঙ্গা শরণার্থী ও মানবাধিকার নিয়ে কাজের স্বীকৃতিস্বরূপ রাজিয়া সুলতানাকে তালিকায় রাখা হয়েছে।

এর আগে ২০২৬ সালের সংস্করণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শীর্ষ ৫০ প্রভাবশালী মুসলিমের তালিকায় ৫০তম অবস্থানে ছিলেন। তবে ২০২৭ সালের সংস্করণে তাঁর নাম নেই।

প্রকাশনা সূত্রে জানা যায়, বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিমের ওপর রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক প্রভাবের ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়। এতে শীর্ষ ৫০ জনকে ক্রমানুসারে স্থান দেওয়া হয়। বাকি ৪৫০ জনকে রাজনীতি, ধর্মতত্ত্ব, সমাজসেবা, ব্যবসা, বিজ্ঞান ও সংস্কৃতিসহ ১৩টি বিভাগে অন্তর্ভুক্ত করা হয়। বাংলাদেশের তিনজনই এবার এই ৪৫০ জনের তালিকায় স্থান পেয়েছেন।

সূত্র: দ্য মুসলিম ৫০০