জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বিশ্বের অন্যতম শীর্ষ অবদানকারী দেশ বাংলাদেশ। এ কার্যক্রমে বাংলাদেশি নারী শান্তিরক্ষীরাও ক্রমেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে মন্তব্য করেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি।
সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় শান্তিরক্ষা কার্যক্রম সম্পর্কে সরাসরি ধারণা নেওয়ার পাশাপাশি নিরাপদ বিশ্ব গঠনে কাজ করা নারী শান্তিরক্ষীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
তিন দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার বাংলাদেশে এসেছেন ডাচেস অব এডিনবার্গ সোফি। বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করবেন। যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হচ্ছে।
ঢাকায় অবস্থানকালে ডাচেস অব এডিনবার্গ বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। এসব বৈঠকে নারী ও কন্যাশিশুদের কল্যাণ, সুরক্ষা ও ক্ষমতায়নের মতো অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সফরকালে যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় অংশীদারত্বের শক্তি ও ব্যাপ্তি তুলে ধরে, এমন বিভিন্ন জনগোষ্ঠী ও সংগঠনের প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। পাশাপাশি বাংলাদেশে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শন করবেন।
এর অংশ হিসেবে কক্সবাজারে গিয়ে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় কাজ করা বিভিন্ন সংস্থার কার্যক্রম ঘুরে দেখবেন ডাচেস সোফি। এ সময় বাস্তুচ্যুত নারী, কন্যাশিশু ও পরিবারগুলোর জন্য পরিচালিত সুরক্ষা ও সহায়তা কার্যক্রম সম্পর্কে জানবেন। পাশাপাশি শরণার্থীদের মধ্যে সহনশীলতা ও নেতৃত্বের বিকাশ, পুনর্বাসন এবং অন্তর্ভুক্তিমূলক সেবা কার্যক্রমও পরিদর্শন করবেন তিনি।
জানা গেছে, কমনওয়েলথভুক্ত দেশগুলোর সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক জোরদার, মানবিক সংকট মোকাবিলা এবং বিভিন্ন জনগোষ্ঠীর কল্যাণে কাজ করার অংশ হিসেবে আন্তর্জাতিক সফর করছেন ডাচেস অব এডিনবার্গ। বাংলাদেশ সফরও এ কর্মসূচির অংশ।
এর আগে ২০১৭ সালে বাংলাদেশ সফর করেছিলেন ডাচেস সোফি।
মন্তব্য করুন