সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৯৫ শিশু।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত হামবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৯৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৪০ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মারা গেছে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ১৩৫ জন।

এর আগে, সোমবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ১ হাজার ৪৬৬ শিশু।