‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিম হোসেন তমাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুস সালাম, গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শাহ মো. বখতিয়ার, সরোয়ার হোসেন মিয়া, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম ও সহসভাপতি এইচ এম মাসুমসহ অন্যরা।

এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মুন্সি, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সোহাগ, গৈলা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব বদিউজ্জামান সরল মোল্লা, বিআরডিবির চেয়ারম্যান আকতারুজ্জামান, বিএনপি নেতা রহিম হাওলাদার ও বেল্লাল ফকিরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের প্রতিনিধিদল এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা দুর্যোগের ঝুঁকি কমাতে জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি গ্রহণ এবং জানমালের ক্ষয়ক্ষতি কমাতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

পরে ফায়ার সার্ভিসের উদ্যোগে অগ্নিনির্বাপণ মহড়া প্রদর্শন করা হয়। এ সময় আগুন লাগাসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে করণীয় ও উদ্ধার কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের হাতে-কলমে ধারণা দেওয়া হয়।