অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ-বদলি, সরকারি কেনাকাটা ও প্রশাসনিক কার্যক্রমে সিন্ডিকেটের মাধ্যমে অনিয়ম-দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে চার সদস্যের বিশেষ টিম গঠন করা হয়। টিমটির নেতৃত্ব দেন দুদকের উপপরিচালক মো. জাহিদ কালাম।

অনুসন্ধানে আসিফ মাহমুদ ছাড়াও তৎকালীন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানানো হয়েছে।

সূত্রের ভাষ্য অনুযায়ী, আসিফ মাহমুদের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, অর্থপাচার, মানিলন্ডারিং, বেআইনি বিটকয়েন লেনদেন, চাঁদাবাজি, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগও অনুসন্ধানের আওতায় ছিল। সাবেক ক্রীড়া উপদেষ্টা হিসেবে ক্রিকেট বোর্ডের কার্যক্রমে হস্তক্ষেপ এবং তার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের মাধ্যমে অবৈধ সুবিধা নেওয়ার অভিযোগও খতিয়ে দেখা হয়েছে।

তবে দুদক এখনো অনুসন্ধানের পূর্ণাঙ্গ প্রতিবেদন বা অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানায়নি।