মালয়েশিয়ায় বসবাসরত ও কর্মরত প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন জরুরি বার্তা দিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে দেশটির আইন ও বিধিবিধান মেনে চলার পাশাপাশি প্রতারণা, গুজব ও উসকানিমূলক কর্মকাণ্ড থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব নির্দেশনা জানায় বাংলাদেশ হাইকমিশন।

জরুরি বার্তায় প্রবাসীদের জন্য বেশ কিছু করণীয় ও বর্জনীয় বিষয় তুলে ধরে সেগুলো যথাযথভাবে অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।

যা করতে বলেছে হাইকমিশন

হাইকমিশনের নির্দেশনায় বলা হয়েছে, মালয়েশিয়ার আইন, বিধিবিধান, কর্মস্থলের নীতিমালা, স্থানীয় সাইবার আইন এবং সামাজিক যোগাযোগমাধ্যমসংক্রান্ত বিধিনিষেধ মেনে চলতে হবে। একই সঙ্গে দেশটির ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রতিও সম্মান দেখাতে হবে।

পরিবার, বন্ধু ও ইতিবাচক যোগাযোগের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের পরামর্শ দিয়ে হাইকমিশন বলেছে, চাকরি, নিয়োগকর্তা বা কর্মস্থলসংক্রান্ত কোনো তথ্য, ছবি বা ভিডিও প্রকাশের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নীতিমালা অনুসরণ করতে হবে।

অপরিচিত ব্যক্তি, অজানা লিংক, ফাইল বা বার্তার ক্ষেত্রে সতর্ক থাকতে এবং প্রতারণা ও ফিশিং থেকে সাবধান থাকার পরামর্শও দেওয়া হয়েছে।

এ ছাড়া কোনো তথ্য, ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার আগে এর সত্যতা যাচাই করতে বলা হয়েছে। পাশাপাশি সন্দেহজনক বা উসকানিমূলক অনলাইন কার্যক্রম থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

যেসব কাজ থেকে বিরত থাকতে হবে

হাইকমিশনের বার্তায় সন্ত্রাসবাদ, উগ্রবাদ বা নিষিদ্ধ সংগঠনসংশ্লিষ্ট কোনো পোস্ট, ছবি, ভিডিও বা বার্তা শেয়ার, লাইক, মন্তব্য বা প্রচার না করতে বলা হয়েছে।

এ ছাড়া গুজব, ভুয়া তথ্য বা বিদ্বেষমূলক বক্তব্য প্রচার থেকেও বিরত থাকতে হবে। ইসরায়েল-ফিলিস্তিন, ইরান-ইসরায়েলসহ বিভিন্ন আন্তর্জাতিক সংঘাত নিয়ে এমন কোনো উসকানিমূলক বা বিতর্কিত পোস্ট শেয়ার বা প্রচার করা যাবে না, যা মালয়েশিয়ার স্থানীয় আইন লঙ্ঘন করতে পারে।

কর্মরত দেশে নিষিদ্ধ কোনো রাজনৈতিক বা অনলাইন প্রচারণায় অংশ না নেওয়ার জন্যও সতর্ক করেছে হাইকমিশন। একই সঙ্গে যথাযথ যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তি, সংগঠন বা অনলাইন তহবিলে অনুদান না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

পাসপোর্ট ও ব্যাংক তথ্য প্রকাশ নয়

হাইকমিশন আরও জানিয়েছে, কর্মস্থল, বিমানবন্দর, বন্দর, সরকারি স্থাপনা বা নিরাপত্তাসংক্রান্ত গুরুত্বপূর্ণ স্থানের ছবি বা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে।

নিজের বা অন্যের পাসপোর্ট, ভিসা, জাতীয় পরিচয়পত্র বা অন্যান্য আইডি, ব্যাংক তথ্যসহ ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার জন্যও সতর্ক করা হয়েছে।

এ ছাড়া ধর্মীয়, জাতিগত বা বর্ণগত বিদ্বেষ উসকে দিতে পারে—এমন কোনো পোস্ট, মন্তব্য বা বিতর্কে অংশ না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

চাকরি ও বিনিয়োগের প্রতারণা থেকেও সতর্ক থাকার পরামর্শ

ভুয়া চাকরির বিজ্ঞাপন, অবৈধ ভিসা, দ্রুত আয়ের প্রলোভন কিংবা সন্দেহজনক বিনিয়োগ ও ক্রিপ্টোকারেন্সিসংক্রান্ত প্রতারণায় জড়িত না হওয়ার ব্যাপারেও সতর্ক করেছে হাইকমিশন।

পাশাপাশি কোনো অপরাধ, সহিংসতা বা অবৈধ কর্মকাণ্ডকে সমর্থন বা প্রশংসা করে পোস্ট, মন্তব্য কিংবা কোনো ধরনের প্রতিক্রিয়া না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মালয়েশিয়ায় প্রবাসীদের নানা চ্যালেঞ্জ

উল্লেখ্য, মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বড় সমস্যা হিসেবে দীর্ঘদিন ধরে প্রতারণামূলক ও অতিরিক্ত ব্যয়বহুল নিয়োগপ্রক্রিয়ার অভিযোগ রয়েছে। বৈধ কাগজপত্র সংক্রান্ত জটিলতার অভিযোগও রয়েছে অনেকের বিরুদ্ধে।

এদিকে বৈধ কাগজপত্র না থাকা বিদেশি কর্মীদের বিরুদ্ধে মালয়েশিয়ায় নিয়মিত অভিযান ও আটকের ঘটনাও ঘটে থাকে। এমন পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের দেশটির আইন মেনে চলা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ হাইকমিশন।