রাজশাহীর তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এ মাসুদ পারভেজসহ দেশের ৫৬ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

​সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী ‘জনস্বার্থে’ তাদের সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
​স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, বাধ্যতামূলক অবসরে পাঠানো এই কর্মকর্তারা বিধি অনুযায়ী তাদের প্রাপ্য অবসরজনিত আর্থিক ও অন্যান্য সুবিধা লাভ করবেন। জনস্বার্থে জারীকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

​উল্লেখ্য, বাধ্যতামূলক অবসরের মুখে পড়া ৫৬ পুলিশ কর্মকর্তার মধ্যে ৭ জন সহকারী পুলিশ সুপার (এএসপি) এবং ৪৯ জন পুলিশ পরিদর্শক (ইনস্পেক্টর) পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। এর মধ্যে তানোর থানার ওসি এস এ মাসুদ পারভেজসহ বেশ কয়েকজন বিভিন্ন থানায় পুলিশ পরিদর্শক ও ওসির দায়িত্বে কর্মরত। এছাড়াও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া থানার সাবেক ওসি নিবারন চন্দ্র বর্মনকেও অবসরে পাঠানো হয়েছে।