২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করতে সরকার বদ্ধপরিকর এবং এ লক্ষ্য অর্জ্যে কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১২টায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘ব্যবসায় সফলতার জন্য সরকারের ব্যবসাবান্ধব নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সামনে যেমন নানা চ্যালেঞ্জ রয়েছে, তেমনি রয়েছে বিপুল সম্ভাবনাও। আমরা দেশে নিরাপদ ও টেকসই বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে চাই। এ জন্য ট্যাক্স ও ভ্যাট ব্যবস্থাকে আরও সহজ ও কার্যকর করার পাশাপাশি বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে।’
তিনি আরও বলেন, বর্তমান সরকার অর্থনীতির বিদ্যমান নানা চ্যালেঞ্জ মোকাবিলায় পরিকল্পিতভাবে কাজ করছে। একই সঙ্গে ব্যবসা ও বিনিয়োগের জন্য একটি স্থিতিশীল, স্বচ্ছ ও আস্থাশীল পরিবেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।
তারেক রহমান বলেন, ‘বিনিয়োগকারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা, সরকারি সেবার ডিজিটালাইজেশন, ভ্যাট ও কর ব্যবস্থার আরও সহজীকরণ এবং প্রয়োজনীয় নীতিগত সংস্কারের মাধ্যমে দেশকে একটি আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্য হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে।’
তিনি বলেন, সরকারের লক্ষ্য শুধু বিদেশি বিনিয়োগ আকর্ষণ নয়, বরং দীর্ঘমেয়াদি ও টেকসই বিনিয়োগ নিশ্চিত করে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও শক্তিশালী করা। এ লক্ষ্য অর্জনে সরকার, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
মন্তব্য করুন