সরকারি পর্যায়ে দেশে ২৫ হাজার মিডওয়াইফ এবং ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকারি পর্যায়ে নিয়োগপ্রাপ্ত ২৫ হাজার মিডওয়াইফ মাতৃস্বাস্থ্যসেবা জোরদার এবং নরমাল ডেলিভারিতে মায়েদের উৎসাহিত করতে কাজ করবেন। একই সঙ্গে স্বাস্থ্যখাতে জনবল সংকট দূর করতে পর্যায়ক্রমে আরও ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে।

তিনি জানান, উপজেলা ও জেলা পর্যায়ের ৫১ শয্যার সরকারি হাসপাতালগুলো ধাপে ধাপে ১০০ শয্যায় উন্নীত করা হবে। পাশাপাশি সরকারি স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

রাজধানীকেন্দ্রিক চিকিৎসাসেবার ওপর চাপ কমানোর ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের জেলা ও উপজেলা পর্যায়ে আরও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করতে হবে। এতে গ্রামাঞ্চলের মানুষকে চিকিৎসার জন্য অপ্রয়োজনে ঢাকামুখী হতে হবে না।

এর আগে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসে পৌঁছান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় দুটি ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।