শিশুদের অপুষ্টিমুক্ত ও সুস্থ-সবল ভবিষ্যৎ নিশ্চিত করতে আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে বরিশালের আগৈলঝাড়ায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজিব।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক।

এসময় আরও বক্তব্য রাখেন, আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান, আবাসিক মেডিকেল অফিসার ডা. শিশির কুমার গাইন। এসময় উপস্থিত ছিলেন ডা. মিরন হালদার, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শামীমুল ইসলাম শামীম, মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) মোঃ সাহাত হোসেন ও স্যানেটারি ইন্সপেক্টর সুকলাল সিকদার।

মূলপ্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শিশির কুমার গাইন। তিনি ভিটামিন-এ ক্যাম্পেইনের তাৎপর্য তুলে ধরে বলেন, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং অপুষ্টি প্রতিরোধে ভিটামিন-এ অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে।
সভায় জানানো হয়, আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের দিন আগৈলঝাড়া উপজেলার ১২০টি সাব-সেন্টারের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী ১ হাজার ৮০০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১৪ হাজার ৮৮৯ জন শিশুসহ মোট ১৬ হাজার ৬৮৯ জন শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন সফল করতে গণমাধ্যমকর্মী, ইমাম-খতিব, শিক্ষক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়।

বক্তারা বলেন, একটি সুস্থ শিশু মানেই একটি সমৃদ্ধ আগামীর বাংলাদেশ। তাই কোনো শিশুই যেন ভিটামিন-এ ক্যাপসুল গ্রহণ থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগৈলঝাড়ায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়িত হবে এবং উপজেলার প্রতিটি শিশু এর সুফল লাভ করবে।