অবৈধ চাঁদা আদায়ের প্রতিবাদে দিনাজপুর–পঞ্চগড় আঞ্চলিক মহাসড়কের বটতলী কেন্দ্রীয় ট্রাক টার্মিনালের সামনে সড়ক অবরোধ, ধর্মঘট ও কর্মবিরতি পালন করেছেন ট্যাংকলড়ি শ্রমিকরা।
সকাল ৬টা থেকে বটতলী এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ শুরু করেন শ্রমিকরা। এতে দিনাজপুর থেকে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও রংপুরগামী যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। প্রায় চার ঘণ্টা ধরে চলা এ অবরোধে সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকরা চরম ভোগান্তির শিকার হন।
শ্রমিকদের অভিযোগ, একটি প্রভাবশালী দলের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে বিভিন্ন সড়কে অবৈধভাবে চাঁদা আদায় করা হচ্ছে। এর প্রতিবাদেই তারা কর্মবিরতি ও সড়ক অবরোধে নামতে বাধ্য হয়েছেন বলে জানান আন্দোলনরত শ্রমিক নেতারা।
এদিকে পরিস্থিতি স্বাভাবিক করতে মালিক সমিতির নেতাদের সঙ্গে শ্রমিক প্রতিনিধিদের আলোচনা চলছে বলে জানা গেছে।
মন্তব্য করুন