মৌলভীবাজার সদর উপজেলার বাউরবাগ এলাকায় ডাকাতির প্রস্তুতির ঘটনায় দায়েরকৃত মামলায় কুখ্যাত ডাকাত সর্দার রুবেল মিয়া (৪০) ও আশরাফ হোসেন (২৯)-কে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

একইসঙ্গে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি পাইপগান ও একটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে।

এ নিয়ে একই ঘটনায় এখন পর্যন্ত মোট ২টি পাইপগান, ২১ রাউন্ড তাজা গুলি এবং ১টি ব্যবহৃত গুলির খোসা উদ্ধারসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

গত ১৩ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ১০ টায় মৌলভীবাজার সদর উপজেলার বাউরবাগ এলাকায় ৬/৭ জনের একটি ডাকাতদল কবরস্থানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করলে ডাকাতদল একটি গুলি ছোঁড়ে। এতে তাদের দলের সদস্য সৈয়দ শামসুর রহমান আতিক (৩০) গুলিবিদ্ধ হয়ে পড়ে এবং অন্যান্য সদস্যরা পালিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয় জনতার সহায়তায় আহত অবস্থায় শামসুর রহমান আতিককে আটক করা হয়। তার নিকট হতে একটি পাইপগান ও ২১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনার প্রেক্ষিতে সদর মডেল থানা পুলিশ তদন্ত শুরু করে এবং আটকের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ১৬ এপ্রিল সিলেটের সিলামসহ হবিগঞ্জ জেলার বিভিন্ন থানায় অভিযান পরিচালনা করে কুখ্যাত ডাকাত রুবেল মিয়া ও আশরাফ হোসেনকে গ্রেফতার করে।

পরবর্তীতে তাদের দেওয়া তথ্য মতে একই দিন ভোরে মৌলভীবাজার সদর মডেল থানাধীন ৩নং কামালপুর ইউনিয়নের উত্তর বাড়ন্তি এলাকার মথাখাই (পশ্চিম বাড়ন্তি) গামী রাস্তার উত্তরে একটি কলা বাগান হতে দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি পাইপগান এবং একটি খালি কার্তুজ উদ্ধার করা হয়

সদর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত তিনজন আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের মধ্যে রুবেল মিয়ার বিরুদ্ধে সিলেট অঞ্চলে ডাকাতির ঘটনায় ১১টি মামলার তথ্য পাওয়া গেছে। ডাকাত দলের অন্যান্য পলাতক সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।