নির্বাচনী দায়িত্ব পালন করতে যাওয়ার পথে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন একদল আনসার সদস্য। বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম নিয়ে হাসেম বাজার থেকে রূপার বাজারের দিকে যাচ্ছিল একটি গাড়ি। পথে সোলাগাডী এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়িটির সামনের চাকা ফেটে (পাংচার) যায়। চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তা থেকে ছিটকে পাশের একটি খাদে পড়ে যায়।
গাড়িতে নির্বাচনী সরঞ্জাম এবং সেগুলোর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যরা ছিলেন। দুর্ঘটনায় গাড়িতে থাকা সকল সদস্য অক্ষত ও নিরাপদ রয়েছেন। নির্বাচনী মালামাল ও ব্যালট পেপারের কোনো বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর পাওয়ার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মন্তব্য করুন