পটুয়াখালীর কলাপাড়ায় মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের জাতীয়তাবাদী ছাত্রদল নেতাকে হত্যা চেষ্টা ও মহিপুরে ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ও ভাংচরসহ বিস্ফোরক আইনের পৃথক মামলায় লতাচাপলি ইউপি চেয়ারম্যান মো: আনছার উদ্দিন মোল্লার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করে আদালত।

রবিবার ১৫ সেপ্টেম্বর দুপুরের দিকে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশীষ রায়ের আদালত এ আদেশ প্রদান করেন। আদালতের সহকারী পুলিশ উপ-পরিদর্শক মো: মহিবুর রহমান এ আদেশের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে মহিপুর থানা পুলিশ বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা আনছার উদ্দিন মোল্লাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

উল্লেখ্য, গত ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকার পতনের পর আওয়ামীলীগের নেতাকর্মীদের নামে বিভিন্ন অপরাধের দায়ে কলাপাড়া ও মহিপুর থানায় একাধিক মামলা দায়ের করেছে ভুক্তভোগীরা। মহিপুর থানায় দায়েরকৃত দুইটি মামলায় আসামি করা হয় লতাচাপলি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনছার উদ্দিন মোল্লাকে।