উচ্চশিক্ষাকে কর্মসংস্থানমুখী করতে হবে, বাড়বে..
প্রকাশ: 28 November 2026 । 17:52 | আপডেট: 28 November 2026 । 17:52
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
দেশের উচ্চশিক্ষাব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর, উদ্ভাবনমুখী, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শুধু সার্টিফিকেটনির্ভর শিক্ষিত মানুষের সংখ্যা বাড়িয়ে বেকারত্ব কমানো সম্ভব নয়। অর্জিত জ্ঞানকে কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতায় রূপান্তর করতে হবে।
শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুর জাতীয় স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মেলন-২০২৬-এ বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, উচ্চশিক্ষার মান বাড়াতে শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের কার্যকর সংযোগ গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের ব্যবহারিক ও কারিগরি দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ইন্টার্নশিপ, শিক্ষানবিশ কর্মসূচি এবং হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ বাড়াতে হবে।
তিনি জানান, গত কয়েক মাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে দেড় হাজারের বেশি সমঝোতা স্মারক সইয়ের বিষয়টি চূড়ান্ত হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের ইংরেজির পাশাপাশি আরবি, ম্যান্ডারিন, জাপানি, কোরীয়, ফরাসি ও জার্মানসহ আন্তর্জাতিক চাহিদাসম্পন্ন ভাষা শেখার সুযোগ তৈরির আহ্বান জানান তিনি।
শিক্ষকদের প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রচলিত শিক্ষককেন্দ্রিক শিক্ষার পরিবর্তে শিক্ষার্থীকেন্দ্রিক ও গবেষণাভিত্তিক শিক্ষাদান পদ্ধতি চালু করতে হবে। প্রয়োজনে ‘ট্রেন দ্য ট্রেইনার’ কর্মসূচি কার্যকর ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে কলেজভিত্তিক শিক্ষকসংকট নিরূপণ, শূন্যপদ পূরণ ও প্রয়োজনীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ নিতে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তিনি।
প্রযুক্তিগত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা, যুক্তিবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশের ওপরও জোর দেন প্রধানমন্ত্রী। এ ছাড়া প্রতিটি কলেজে ক্যারিয়ার কাউন্সেলিং, ভাষা ক্লাব, দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরির সুযোগ বাড়ানোর কথা বলেন।
শিক্ষাপ্রতিষ্ঠানকে দলাদলি ও গোষ্ঠীদ্বন্দ্বের ঊর্ধ্বে রাখা, কলেজের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার আহ্বানও জানান তিনি। এ সময় শিক্ষার্থীদের কর্মসংস্থানের পাশাপাশি উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.