ইয়েমেনে সৌদি বিমান হামলায় ১১..

প্রকাশ: 21 November 2026 । 17:44 | আপডেট: 21 November 2026 । 17:44

অনলাইন ডেস্ক

ইয়েমেনে সৌদি আরবের বিমান বাহিনীর হামলায় ১১ শিশু ও ৭ নারীসহ অন্তত ৪১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৮ জন।

হুথি নিয়ন্ত্রিত রাজধানী সানার স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইয়েমেনি টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ। চ্যানেলটি হুথি গোষ্ঠী নিয়ন্ত্রিত।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সৌদি বিমান বাহিনী এ হামলা চালায়। তবে ইয়েমেনের কোন কোন এলাকায় হামলা হয়েছে, তা উল্লেখ করা হয়নি। হতাহতদের এ সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে একই দিন সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি বিদ্যুৎকেন্দ্র ও বন্দরে হামলার দাবি করেছে হুথি বাহিনী। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া কাসিম সারী এক বিবৃতিতে জানান, শুক্রবার হুথি যোদ্ধারা সৌদি আরবের জাজান অঞ্চলের আল-শুকাইক বিদ্যুৎকেন্দ্র ও জাজান বন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছেন। হামলাগুলো সরাসরি ও নিখুঁত হয়েছে এবং এতে সৌদির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি।

সারী আরও জানান, ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশ ও লোহিত সাগরের তীরবর্তী মোখা শহরের বিদ্যুৎকেন্দ্রগুলোতে সৌদি হামলার জবাবে এ পাল্টা আক্রমণ চালানো হয়েছে।

অন্যদিকে, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, শুক্রবার তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জাজান লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করেছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আল-শুকাইক এলাকায় পড়েছে। এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলেও জানানো হয়েছে। তবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি জোট।

এমন এক সময়ে এসব ঘটনা ঘটল, যখন হুথি এবং সৌদি নেতৃত্বাধীন জোট সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর মধ্যে সংঘাত তীব্র হচ্ছে। উভয় পক্ষই বিভিন্ন ফ্রন্টে পরস্পরকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

সূত্র: সিনহুয়া

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!