শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর..
প্রকাশ: 21 November 2026 । 10:30 | আপডেট: 21 November 2026 । 10:30
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
আজ শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস। এ উপলক্ষে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
দিনের শুরুতে রাষ্ট্রপতি শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগকারী সশস্ত্র বাহিনীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক।
রাষ্ট্রপতির পর শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনিও কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। বিউগলে বেজে ওঠে করুণ সুর।
পরে তিন বাহিনীর পক্ষ থেকেও শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ৯টায় ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এই দিনে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করেন। তাঁদের এই সম্মিলিত প্রতিরোধ মুক্তিযুদ্ধের বিজয় ত্বরান্বিত করে। ঐতিহাসিক এ দিনটির স্মরণে স্বাধীনতার পর থেকে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়ে আসছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.