দেশের ৫০৩ উপজেলায় ১৫১ শয্যার..

প্রকাশ: 16 November 2026 । 21:19 | আপডেট: 16 November 2026 । 21:27

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

দেশের ৫০৩টি উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট নতুন হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি চিকিৎসক ও নার্স সংকট নিরসনে প্রায় চার হাজার সহকারী সার্জন এবং সমসংখ্যক সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফ নিয়োগের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, সবার জন্য স্বাস্থ্যনীতি বাস্তবায়নের লক্ষ্যে সরকার দুর্নীতিমুক্ত ও মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। অতীতের অব্যবস্থাপনা ও দুর্নীতি কাটিয়ে উঠতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আওতায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য অবকাঠামো উন্নয়নের পাশাপাশি জনবল সংকট নিরসনেও উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের ৫০৩টি উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে ‘বাংলাদেশের উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামো নির্মাণ, পুনর্নির্মাণ, উন্নতিকরণ, নবরূপায়ন ও মেরামত-সংস্কার’ শীর্ষক মেগা প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে। এটি অনুমোদিত হলে সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ শুরু হবে। দুর্গম এলাকায় চিকিৎসকদের কর্মপরিবেশ উন্নত করতে নতুন হাসপাতালের নকশায় আবাসনের ব্যবস্থাও রাখা হচ্ছে।

জনবল নিয়োগের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, ৪৬তম বিসিএসের মাধ্যমে ১ হাজার ৬৮২ জন, ৪৭তম বিসিএসের মাধ্যমে ১ হাজার ৩৩১ জন এবং ৫০তম বিসিএসের মাধ্যমে ৬৫০ জন সহকারী সার্জন নিয়োগের প্রক্রিয়া চলছে।

নার্স সংকট নিরসনে সিনিয়র স্টাফ নার্সের ৮২৮টি শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য গত ২৮ সেপ্টেম্বর সরকারি কর্ম কমিশনে (পিএসসি) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আরও ১ হাজার ৫৬৬টি পদে নিয়োগের প্রস্তাব পিএসসিতে পাঠানো হয়েছে। পাশাপাশি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে আরও ১ হাজার ৭৭৫টি পদের প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে।

মিডওয়াইফ নিয়োগের বিষয়ে তিনি বলেন, সুপারিশপ্রাপ্ত ৫৫৮ জনের পুলিশ ভেরিফিকেশন চলছে। এ ছাড়া নতুন করে ৩৪২ জন ও ৯১৪ জন মিডওয়াইফ নিয়োগের প্রস্তাব পিএসসিতে পাঠানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে ১৬ থেকে ২০তম গ্রেডের শূন্য পদগুলো আউটসোর্সিংয়ের মাধ্যমে পূরণ করা হচ্ছে।

সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল তার নির্বাচনী এলাকার ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জের দুর্বল যোগাযোগব্যবস্থা এবং চিকিৎসক সংকটের বিষয়টি তুলে ধরেন। তিনি জানান, মধ্যনগরে কোনো হাসপাতাল নেই। অন্য উপজেলাগুলোতেও অনুমোদিত পদের বিপরীতে চিকিৎসকের সংখ্যা অত্যন্ত কম। সড়ক যোগাযোগের অভাবে মুমূর্ষু রোগী ও প্রসূতি মায়েদের মোটরসাইকেল কিংবা ঠেলাগাড়িতে করে হাসপাতালে নিতে হয়। হাওরাঞ্চলের আট লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

জবাবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সংসদ সদস্যের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে বলেন, দুর্গম এলাকার চিকিৎসকদের নিরাপত্তা ও মানসম্মত জীবনযাপনের ব্যবস্থা করতে সরকার দায়বদ্ধ। আগামী এক থেকে দুই বছরের মধ্যে দেশের স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!