নবম শ্রেণি থেকে বাধ্যতামূলক ভোকেশনাল..
প্রকাশ: 16 November 2026 । 19:17 | আপডেট: 16 November 2026 । 20:25
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
স্কুল-কলেজে ভোকেশনাল বা কারিগরি শিক্ষা চালু করছে সরকার। নবম শ্রেণি থেকে শিক্ষার্থীদের জন্য এ শিক্ষা বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনের মাগরিবের নামাজের বিরতিতে সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তুলতে হবে। এ জন্য পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা ও দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা হচ্ছে। একই সঙ্গে শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টসেও তোমাদের অংশগ্রহণ থাকতে হবে।’ সেখানে ছয়-সাতটি খেলার মধ্যে পছন্দ অনুযায়ী খেলা বেছে নেওয়ার সুযোগ থাকবে।
ভাষা শিক্ষার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, মাতৃভাষার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে আরও একটি ভাষা শিখতে হবে। এ জন্য ইংরেজি, মান্দারিন ও জাপানিজসহ ছয়-সাতটি ভাষার মধ্য থেকে পছন্দের ভাষা বেছে নেওয়ার সুযোগ থাকবে।
এ সময় ঢাকাকে পরিচ্ছন্ন রাখা, পরিবেশ সংরক্ষণ ও প্রাণিকুলের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানান তিনি। বৃক্ষরোপণে উৎসাহিত করে প্রধানমন্ত্রী বলেন, আপনজনদের জন্মদিনে গাছ উপহার দেওয়া যেতে পারে। বেশি বেশি গাছ লাগালে পরিবেশ ভালো থাকবে, যার সুফল সবাই পাবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের শুধু পড়াশোনায় নয়, দক্ষতা অর্জন, খেলাধুলা, ভাষা শিক্ষা ও সামাজিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও এগিয়ে আসতে হবে। এসব গুণের সমন্বয়ে তাদের দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।
এদিন সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের (ঢাকা-১) মাধ্যমে দোহার উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪৩ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক, রাজধানীর মণিপুর উচ্চবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ১৫ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক এবং চাঁদপুর মেডিকেল কলেজের নয়জন শিক্ষার্থী জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন ও সংসদ অধিবেশন প্রত্যক্ষ করেন।
এ ছাড়া সংসদ ভবন পরিদর্শনের অংশ হিসেবে শিক্ষার্থীরা সংক্ষিপ্ত ব্রিফিং, লাইব্রেরি পরিদর্শন এবং সংসদের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.