২৪ দিনের অবরোধে জনশূন্য সাজেক,..
প্রকাশ: 15 November 2026 । 17:31 | আপডেট: 15 November 2026 । 17:31
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
পাহাড়ের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে টানা ২৪ দিন ধরে অবরোধ চলছে। বন্ধ রয়েছে পর্যটকদের যাতায়াত। এতে স্থবির হয়ে পড়েছে স্থানীয় ব্যবসা-বাণিজ্য। আয়-রোজগার বন্ধ হয়ে আর্থিক সংকটে পড়েছেন বাসিন্দা, ব্যবসায়ী ও পর্যটন খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অবরোধের কারণে সাজেকের ব্যস্ত সড়ক, বাজার ও দোকানপাট এখন প্রায় জনশূন্য। স্থানীয় হাটবাজারেও ক্রেতাদের উপস্থিতি নেই বললেই চলে। এতে পাহাড়ি জনগোষ্ঠীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
দীর্ঘদিন ধরে কটেজ, রিসোর্ট ও খাবারের হোটেল বন্ধ থাকায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। একের পর এক বুকিং বাতিল, অগ্রিম টাকা ফেরত এবং দেনা পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তাঁদের। ছোট চায়ের দোকান থেকে শুরু করে জনপ্রিয় খাবারের হোটেল—কোথাও নেই আয়-উপার্জন।
সাজেক থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র সদস্যদের সরানোসহ কয়েকটি দাবিতে এ অবরোধ কর্মসূচি চলছে। সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে। স্থানীয় কয়েকটি সূত্রের অভিযোগ, এ সংকট তৈরির পেছনে ইউপিডিএফের ভূমিকা রয়েছে। অবরোধের শুরুতে নিরাপত্তা বাহিনী ও পর্যটকদের ওপর হামলার পাশাপাশি সাজেক ভ্রমণ না করতে কয়েক দফায় হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
দীর্ঘদিন ধরে পাহাড়ের দুই সশস্ত্র আঞ্চলিক সংগঠন জেএসএস ও ইউপিডিএফের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাজেকে অস্থিরতা বিরাজ করছে। বিভিন্ন সময়ে সংগঠন দুটির মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটেছে। সীমান্তবর্তী এ এলাকায় চাঁদাবাজি, অপহরণ ও স্থানীয় বাসিন্দাদের জিম্মি করে প্রভাব বিস্তারের চেষ্টা নিয়েও উদ্বেগ রয়েছে।
সব মিলিয়ে টানা ২৪ দিনের অবরোধে পর্যটন কার্যক্রম বন্ধ থাকায় চরম অনিশ্চয়তায় পড়েছেন সাজেকের বাসিন্দা, ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা। দীর্ঘস্থায়ী এ পরিস্থিতিতে তাঁদের জীবিকা ও পর্যটনশিল্পের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.