পার্বত্য অঞ্চলে পাঁচ বছরে সশস্ত্র..
প্রকাশ: 11 November 2026 । 20:30 | আপডেট: 11 November 2026 । 20:30
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
পার্বত্য অঞ্চলে গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩০৮ জন বেসামরিক নাগরিক এবং ৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। এ সময়ে আহত হয়েছেন আরও ৪৯০ জন।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর পক্ষে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত পাঁচ বছরে নিরাপত্তা বাহিনীর ওপর ৯৭ বার হামলা হয়েছে। এ ছাড়া বাঙালি জনগোষ্ঠীর ওপর ১৯৪ বার এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওপর ৮১ বার হামলার ঘটনা ঘটেছে। একই সময়ে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ২৯৭টি অপহরণ, ৪৭১টি জোরপূর্বক চাঁদা আদায় এবং ৩৭৭ বার অবৈধ অস্ত্র ব্যবহারের অভিযোগ রয়েছে।
তিনি বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা দমনে সশস্ত্র বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন উত্তরণ’ চলমান রয়েছে। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এসআরবির নিয়মিত টহল এবং গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে। অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, পার্বত্য চট্টগ্রামে নতুন ও পুরোনো আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা নির্মূল এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে নিয়মিত বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের আস্তানা ও প্রশিক্ষণকেন্দ্রেও অভিযান চালানো হচ্ছে। প্রয়োজন অনুযায়ী বিমানবাহিনীর সহায়তায় হেলিকপ্টার ব্যবহার করা হয়।
তিনি বলেন, সশস্ত্র গোষ্ঠীগুলোর চাঁদা আদায়ের উৎস ও অর্থনৈতিক কর্মকাণ্ড চিহ্নিত করে নজরদারি জোরদার করা হয়েছে। চাঁদাবাজি বন্ধে চেকপোস্ট বাড়ানোর পাশাপাশি মোবাইল ব্যাংকিং ও আর্থিক লেনদেন পর্যবেক্ষণ করা হচ্ছে। সীমান্ত দিয়ে অস্ত্র ও মাদক চোরাচালান ঠেকাতে বিজিবির সক্ষমতা এবং সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, ধারাবাহিক ও বিশেষ যৌথ অভিযানে এ পর্যন্ত বিভিন্ন আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর শত শত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগাজিন, সামরিক পোশাক এবং ড্রোন ও সিগন্যাল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.