রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত..

প্রকাশ: 11 November 2026 । 10:22 | আপডেট: 11 November 2026 । 10:22

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

আন্তর্জাতিক পরিসরে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং নিরাপদ প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ সম্মেলনের সাইডলাইনে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ ও ইসলামী সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের অব্যাহত সমর্থন এবং সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রোহিঙ্গা মানবিক সংকটের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তুরস্কের অবিচল সংহতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেওয়ায় তুরস্ককে ধন্যবাদ জানান তিনি।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু গণমাধ্যমকে জানান, বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, রোহিঙ্গা প্রত্যাবাসন, জ্বালানি ও খনিজ সম্পদ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রতিরক্ষা খাতে তুরস্কের সঙ্গে সহযোগিতা ও যৌথ বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন। পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে দুই দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ যোগাযোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং খনিজ সম্পদ খাতে অংশীদারত্ব বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশে তুরস্কের বিনিয়োগের সম্ভাবনার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বানও জানান তিনি।

বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে এরদোয়ানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের কথা স্মরণ করেন। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশের পাশাপাশি সফলভাবে কপ-৩১ আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানান তিনি।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!