উপজেলায় ১১ হাজার ৮৮০ ক্রীড়া..
প্রকাশ: 9 November 2026 । 19:57 | আপডেট: 9 November 2026 । 19:57
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
উপজেলা পর্যায়ে ১১ হাজার ৮৮০টি পদে ক্রীড়া শিক্ষক নিয়োগের বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলীর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী, দেশের ৪৯৫টি উপজেলায় ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে। পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি উপজেলায় ৮টি ইভেন্টের জন্য ৩ জন করে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এতে মোট ১১ হাজার ৮৮০টি পদ সৃষ্টি হবে।
তিনি আরও জানান, ১০টি ক্রীড়া ইভেন্ট নিয়ে ইউনিয়ন পর্যায় থেকে ১০-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অংশগ্রহণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতা শুরু হচ্ছে। এর ইভেন্টগুলো হলো ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, ভলিবল, টেবিল টেনিস, সাঁতার, দাবা ও মার্শাল আর্ট।
আমিনুল হক বলেন, তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা, মাদকাসক্তি ও কিশোর গ্যাং থেকে দূরে রাখা এবং ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সরকার সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এ লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং বিভিন্ন ক্রীড়া সংগঠন একযোগে কাজ করছে।
তিনি বলেন, ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম এবং প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের কার্যক্রমও চলমান রয়েছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.