মুক্তির আগেই ৬৬৫ কোটি রুপি..

প্রকাশ: 3 November 2026 । 20:09 | আপডেট: 3 November 2026 । 20:09

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

নাম যখন শাহরুখ খান, তখন চমক থাকবে, এটাই যেন স্বাভাবিক। তিন বছর পর নতুন সিনেমা ‘কিং’ নিয়ে বড় পর্দায় ফিরছেন বলিউড বাদশাহ। আগামী ২৪ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। তবে মুক্তির আগেই বিভিন্ন স্বত্ব বিক্রি করে ৬৬৫ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।

সিনেমা বাণিজ্যবিষয়ক ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ‘কিং’-এর আন্তর্জাতিক পরিবেশনা স্বত্ব বিক্রি হয়েছে ১৭৫ কোটি রুপিতে। ভারতের বাইরে সিনেমাটির পরিবেশনার স্বত্ব কিনেছে ফার্স ফিল্মস। প্রতিষ্ঠানটি এ জন্য ১৭৫ কোটি রুপির ন্যূনতম গ্যারান্টি দিয়েছে। কোনো ভারতীয় সিনেমার বিদেশি পরিবেশনা স্বত্বের ক্ষেত্রে এটিই সর্বোচ্চ অঙ্ক বলে জানা গেছে।

অন্যদিকে, ভারতের অভ্যন্তরীণ বাজারে সিনেমাটির প্রেক্ষাগৃহে পরিবেশনার স্বত্ব ২৫০ কোটি রুপিতে কিনেছে পেন মারুধর। পিঙ্কভিলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ ছাড়া ওটিটি স্বত্ব নেটফ্লিক্স কিনেছে ১৫০ কোটি রুপিতে। স্যাটেলাইট স্বত্ব বিক্রি হয়েছে ২৫ কোটি এবং সংগীতস্বত্ব ৬৫ কোটি রুপিতে। সব মিলিয়ে বিভিন্ন স্বত্ব বিক্রি থেকে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৬৬৫ কোটি রুপি।

তবে নেটফ্লিক্সের সঙ্গে চুক্তিতে বিশেষ শর্ত রয়েছে। প্রেক্ষাগৃহে সিনেমাটির ব্যবসার ওপর নির্ভর করে ওটিটি স্বত্বের চূড়ান্ত মূল্য বাড়তে বা কমতে পারে।

এদিকে সিনেমাটির নির্মাণব্যয়ও বেড়েছে। শুরুতে বাজেট ছিল প্রায় ২০০ কোটি রুপি। তবে পরিকল্পনায় পরিবর্তনের কারণে এখন নির্মাণব্যয় দাঁড়িয়েছে প্রায় ৪০০ কোটি রুপিতে। শাহরুখের পারিশ্রমিক যুক্ত হলে মোট ব্যয় পৌঁছাবে ৫০০ কোটি রুপিতে। ফলে সিনেমাটির সফলতার জন্য বড় অঙ্কের আয় প্রয়োজন।

এর আগে পরিচালক সিদ্ধার্থ আনন্দের নির্মাণে ‘পাঠান’ সিনেমায় অভিনয় করেছিলেন শাহরুখ। সেটি বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছিল। এবার ‘কিং’-এ শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন তার মেয়ে সুহানা খান। আরও রয়েছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, কারিনা কাপুর, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ার্সি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল, সৌরভ শুক্ল ও ববি দেওলসহ একঝাঁক তারকা। আগামী ২৪ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!