হাসপাতালগুলোতে চিকিৎসক-নার্স সংকট নিরসনে দ্রুত..

প্রকাশ: 2 November 2026 । 11:04 | আপডেট: 2 November 2026 । 11:49

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

দেশের হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, চিকিৎসক নিয়োগের পাশাপাশি নার্স, টেকনিশিয়ান ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ এবং তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।

রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সোসাইটি অব অটোল্যারিঙ্গোলজিস্টস অ্যান্ড হেড-নেক সার্জনস অব বাংলাদেশের বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন ও এজিএম-২০২৬ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, দেশে চিকিৎসকের সংখ্যা অত্যন্ত কম। বিশেষ করে হাসপাতালগুলোতে নার্সের সংকট রয়েছে। দ্রুত এ সংকট নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। হাসপাতালে আধুনিক চিকিৎসা সরঞ্জাম আনা হলেও সেগুলো পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল না থাকায় অনেক যন্ত্রপাতি অব্যবহৃত পড়ে থাকে।

তিনি বলেন, স্বাস্থ্য খাতে প্রায় ১৬ হাজার কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম কেনার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে অতীতেও অনেক যন্ত্রপাতি কেনা হলেও সেগুলোর একটি অংশ এখনো বাক্সবন্দি অবস্থায় পড়ে রয়েছে। তাই সরঞ্জাম কেনার পাশাপাশি সেগুলো পরিচালনার জন্য দক্ষ জনবল নিশ্চিত করতে হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গ্রামের মানুষ প্রকৃত অর্থে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। জেলা পর্যায়ের হাসপাতালগুলোতেও অব্যবস্থাপনা, অবহেলা ও দুর্নীতির কারণে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা পাচ্ছেন না। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। দরিদ্র ও সাধারণ মানুষের চিকিৎসা নিশ্চিত করতে উপযুক্ত জাতীয় স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। এ ক্ষেত্রে চিকিৎসকদের আরও মানবিক ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি তাঁর বক্তব্যে দেশের চিকিৎসা খাতের উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করেন। পাশাপাশি বর্তমান সরকারের ‘সবার জন্য স্বাস্থ্য’ অঙ্গীকার বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. মাজহারুল শাহীন সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন সদস্য-সচিব অধ্যাপক ডা. হাসান জাফর। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংশ্লিষ্ট মন্ত্রী, সংসদীয় কমিটির সভাপতি ও চিকিৎসক নেতারা।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!