স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের পেছনে শ্রমিকরা নন, বরং পতিত স্বৈরাচারীরা জড়িত। শ্রমিকদের আন্দোলনে যারা ইন্ধন দিচ্ছেন, তাদের চিহ্নিত করা হয়েছে বলেও জানান তিনি।

সোমবার (২ নভেম্বর) সকালে সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, বৈঠকে গত কয়েক দিনের পরিস্থিতি নিয়ে আলোচনা ও বিশ্লেষণ করা হয়েছে। নিয়ম অনুযায়ী প্রতি তিন বছর পরপর শ্রমিকদের বেতন বাড়ানোর বিষয়টি নিয়ে সরকার গত কয়েক দিন ধরে কাজ করছিল। রোববার মজুরি বোর্ড গঠনের পরও আন্দোলন অব্যাহত রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিক আন্দোলনের নামে যারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে, তাদের কঠোরভাবে দমন করা হবে। এই সরকার শ্রমিকবান্ধব। সরকার মালিকদের সহযোগিতা চেয়েছে। যেসব শ্রমিক সংগঠন অস্থিরতার সঙ্গে জড়িত, তাদেরও খুঁজে বের করা হবে। যারা অস্থিরতা সৃষ্টি করছে, তারা কেউ শ্রমিক নয় বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, সীমান্তের ওপার থেকে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে ইন্ধন দেওয়া হচ্ছে। সরকার তা কঠোরভাবে দমন করবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো কারখানা বন্ধ হোক, সরকার তা চায় না।

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যেসব গার্মেন্টস মালিক রয়েছেন, তারাও এই অস্থিতিশীলতার সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।