গাছের গায়ে পেরেক ঠুকে বিজ্ঞাপন..

প্রকাশ: 1 November 2026 । 17:47 | আপডেট: 1 November 2026 । 17:47

আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে গাছের গায়ে পেরেক ঠুকে বিজ্ঞাপন, পোস্টার ও ব্যানার লাগানোর প্রবণতা দেখা যাচ্ছে। এতে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হওয়ার পাশাপাশি শহরের প্রাকৃতিক সৌন্দর্যও ক্ষুণ্ন হচ্ছে। সচেতনতার অভাব ও দায়িত্বহীনতার কারণে পরিবেশের গুরুত্বপূর্ণ এই সম্পদকে বিজ্ঞাপন প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে।

গতকাল দুপুরে শ্রীমঙ্গল শহরতলীর সিন্দুরখান সড়কে সরেজমিন গিয়ে গাছের গায়ে পেরেক ঠুকে বিজ্ঞাপন লাগানোর দৃশ্য দেখা যায়। সড়কের পাশের গাছগুলোতে পেরেক মেরে বিজ্ঞাপন টাঙানো হয়েছে। প্রকৃতির সৌন্দর্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা গাছকে এভাবে প্রচারের কাজে ব্যবহার করা পরিবেশ সচেতনতার অভাবকেই তুলে ধরে।

গাছ আমাদের অক্সিজেন জোগায়, ছায়া দেয়, বায়ুদূষণ কমাতে সহায়তা করে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অথচ সেই গাছের গায়েই পেরেক ঠুকে বিজ্ঞাপন লাগানো হচ্ছে। সামান্য প্রচারের জন্য গাছের ক্ষতি করার এই প্রবণতা বন্ধ হওয়া জরুরি।

গাছের গায়ে পেরেক ঠুকলে বাকল ও ভেতরের টিস্যু ক্ষতিগ্রস্ত হতে পারে। ক্ষতস্থান দিয়ে রোগজীবাণু ও ছত্রাকের সংক্রমণের ঝুঁকিও তৈরি হতে পারে। বারবার পেরেক ঠোকা বা গাছের গায়ে বিভিন্ন উপকরণ আটকে রাখার ফলে গাছের দীর্ঘমেয়াদি ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। তাই বিজ্ঞাপন লাগানোর ক্ষেত্রে গাছের পরিবর্তে পরিবেশবান্ধব বিকল্প মাধ্যম ব্যবহার করা প্রয়োজন।

সিলেটের বালাগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক অবিনাশ আচার্য বলেন, “গাছের গায়ে পেরেক মেরে বিজ্ঞাপন টাঙিয়ে গাছের ক্ষতি করবেন না। গাছ আমাদের প্রাণ, প্রকৃতির অকৃত্রিম বন্ধু—তাকে ভালোবাসুন, যত্ন নিন ও সুরক্ষা দিন। বিজ্ঞাপন প্রচার করতে গিয়ে প্রকৃতির ক্ষতি নয়, আসুন সকলে মিলে গাছ বাঁচাই, পরিবেশ বাঁচাই।”

শ্রীমঙ্গল দেশের অন্যতম পর্যটন শহর। প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ গাছপালা ও জীববৈচিত্র্যের কারণে দেশ-বিদেশের পর্যটকদের কাছে এ শহরের বিশেষ পরিচিতি রয়েছে। শহরের সৌন্দর্য ও পরিবেশ রক্ষা করা শুধু প্রশাসনের দায়িত্ব নয়; নাগরিক, ব্যবসায়ী, বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিজ্ঞাপনদাতাসহ সবার সম্মিলিত দায়িত্ব।

বিজ্ঞাপন প্রচারের জন্য নির্ধারিত স্থান ব্যবহার করা এবং গাছের ক্ষতি হয় না—এমন বিকল্প পদ্ধতি বেছে নেওয়া প্রয়োজন। একই সঙ্গে গাছের গায়ে পেরেক ঠুকে বিজ্ঞাপন লাগানোর ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা বাড়াতে হবে।

গাছ বাঁচলে প্রকৃতি বাঁচবে, প্রকৃতি বাঁচলে বাঁচবে আমাদের জীবন। সবুজ ও নান্দনিক পর্যটননগরী শ্রীমঙ্গলকে রক্ষা করতে গাছের গায়ে পেরেক ঠুকে বিজ্ঞাপন লাগানোর প্রবণতা বন্ধে সবার সচেতন হওয়া জরুরি।

ছবির ক্যাপশন: শ্রীমঙ্গল শহরতলীর সিন্দুরখান সড়কে গাছের গায়ে পেরেক ঠুকে লাগানো হয়েছে বিজ্ঞাপন। গতকাল দুপুরে ছবিটি তুলেছেন আমাদের শ্রীমঙ্গল প্রতিনিধি আতাউর রহমান কাজল।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!