নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন..

প্রকাশ: 30 October 2026 । 17:14 | আপডেট: 30 October 2026 । 17:14

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে তিন ম্যাচের সবকটিতে জয় পেয়েছে ভারত। দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে বিশ্বচ্যাম্পিয়নরা। এবার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রস্তুতি নিচ্ছে দুই দল। তবে সিরিজ শুরুর আগেই ভারতীয় দলে দুঃসংবাদ, হ্যামস্ট্রিং চোটের কারণে পুরো ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন পেসার প্রসিধ কৃষ্ণ।

হ্যামস্ট্রিং ইনজুরি থেকে নির্ধারিত সময়ের মধ্যে সেরে উঠতে পারেননি কর্ণাটকের এই পেসার। তবে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে তৃতীয় অনানুষ্ঠানিক টেস্টের জন্য ভারত ‘এ’ দলে যোগ দেওয়ার কথা রয়েছে তার। এর আগে তাকে ‘রিটার্ন টু প্লে’ (আরটিপি) মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ে চোট পান প্রসিধ। ওই ম্যাচে মাত্র ৫ ওভার বোলিং করেই মাঠ ছাড়তে হয়েছিল তাকে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে তাকে পাওয়া যাচ্ছে না। তবে দুই ম্যাচের টেস্ট সিরিজে তার ফেরার বিষয়ে আশাবাদী কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক শুভমান গিল।

ওয়ানডে সিরিজে প্রসিধের বিকল্প হিসেবে এখনো কারও নাম ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিশ্রামে রয়েছেন তারকা পেসার জাসপ্রিত বুমরাহও।

এদিকে, প্রথমে পুরো ওয়ানডে সিরিজে খেলার কথা থাকলেও পেস অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি প্রথম ম্যাচ খেলেই ভারত ‘এ’ দলের স্কোয়াডে যোগ দেবেন। আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের প্রস্তুতির অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ চলবে ৪ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত।

প্রথম তিন ওয়ানডের জন্য ভারতের স্কোয়াড: শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, অক্ষর প্যাটেল, নমন ধীর, অনশুল কম্বুজ, গুরনুর ব্রার, রুতুরাজ গায়কোয়াড়, আর্শদীপ সিং, ইশান কিষাণ, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব ও নীতিশ কুমার রেড্ডি।

শেষ দুই ওয়ানডের জন্য ভারতের স্কোয়াড: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, তিলক ভার্মা, ইশান কিষাণ, অক্ষর প্যাটেল, নমন ধীর, আকিব নবি, গুরনুর ব্রার, রুতুরাজ গায়কোয়াড়, আর্শদীপ সিং, কুমার কুশাগ্র, মোহাম্মদ সিরাজ, যশ ঠাকুর ও কুলদীপ যাদব।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!