এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হবে। এদিন সকাল ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফল প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনলাইনে যেভাবে ফল জানা যাবে
শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের সমন্বিত ওয়েবসাইট educationboardresults.gov.bd থেকে ফল জানতে পারবেন। এ জন্য ওয়েবসাইটে প্রবেশ করে পরীক্ষার নাম ‘HSC/Alim/Equivalent’ নির্বাচন করতে হবে। এরপর পরীক্ষার বছর ২০২৬, বোর্ডের নাম, রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সাবমিট করলেই ফল দেখা যাবে। একই ওয়েবসাইট থেকে মার্কশিটও ডাউনলোড করা যাবে।
এ ছাড়া শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করতে পারবেন।
এসএমএসে ফল জানার নিয়ম
মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে। এ জন্য মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে:
HSC DHA 123456 2026
এখানে DHA-এর পরিবর্তে নিজ নিজ শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর এবং 123456-এর পরিবর্তে নিজের রোল নম্বর দিতে হবে। এরপর বার্তাটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে জিপিএসহ ফল জানিয়ে দেওয়া হবে।
ফল পুনর্নিরীক্ষণের আবেদন
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
অন্যদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব ইআইআইএন (EIIN) নম্বর ব্যবহার করে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে এক ক্লিকেই পুরো প্রতিষ্ঠানের ফল সংগ্রহ ও ডাউনলোড করতে পারবে।
উল্লেখ্য, এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এবার মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন।
মন্তব্য করুন