ঝালকাঠিতে ইসলামিক মিশন হাসপাতাল পরিদর্শনে..
প্রকাশ: 12 October 2026 । 17:48 | আপডেট: 12 October 2026 । 17:48
মোঃ মাছুম বিল্লাহ, ঝালকাঠি করেসপন্ডেন্ট:-
ঝালকাঠির রাজাপুরে নানা অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে ইসলামিক মিশন হাসপাতাল কমপ্লেক্স ও ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম আকস্মিক পরিদর্শন করেছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠি এলাকায় হাসপাতালটি পরিদর্শনকালে চিকিৎসাসেবা, চিকিৎসা সরঞ্জাম এবং রোগী ও ওষুধ বিতরণের হিসাব নিয়ে বিভিন্ন অসংগতি সামনে আসে।
পরিদর্শন শেষে সংসদ সদস্য জানান, সরেজমিনে হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম কার্যত বন্ধ অবস্থায় পাওয়া গেছে। আল্ট্রাসনোগ্রাম মেশিন চুরি হয়েছে বলে জানানো হয়। অন্যদিকে, এক্স-রে মেশিন ও রোগী পরিবহনের অ্যাম্বুলেন্স অচল অবস্থায় রয়েছে।
তিনি আরও জানান, হাসপাতালের রেজিস্ট্রার খাতায় ওই দিন ১৯৩ জন রোগীকে চিকিৎসাসেবা দেওয়া ও ওষুধ সরবরাহের তথ্য উল্লেখ ছিল। তবে রোগীদের কী ধরনের সমস্যা ছিল, কী চিকিৎসা দেওয়া হয়েছে এবং ওষুধ বিতরণের তথ্যের পক্ষে পর্যাপ্ত প্রমাণ দেখানো সম্ভব হয়নি বলে তিনি জানান। পরিদর্শনের সময় হাসপাতাল প্রাঙ্গণে কোনো রোগীকেও চিকিৎসা নিতে দেখা যায়নি।
এ সময় রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা আবুল খায়ের মাহমুদ রাসেল, ইসলামিক ফাউন্ডেশনের ঝালকাঠি জেলা উপপরিচালক আলম হোসেনসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেন, পরিদর্শনে পাওয়া অসংগতিগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হবে। হাসপাতালের প্রকৃত অবস্থা, অনিয়মের অভিযোগ ও সেবার ঘাটতি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
স্থানীয়দের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালের কার্যক্রম সচল করা, অচল চিকিৎসা সরঞ্জাম ও অ্যাম্বুলেন্সের বিষয়ে ব্যবস্থা নেওয়া এবং রোগীসেবার নথিপত্রে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি উঠেছে। পরিদর্শনে পাওয়া অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হাসপাতালের সেবার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.