প্রথম ধাপে ৩৫, ভবিষ্যতে ২০০..

প্রকাশ: 11 October 2026 । 21:02 | আপডেট: 11 October 2026 । 21:02

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণে প্রথম ধাপে ৩৫টি উড়োজাহাজ কেনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ভবিষ্যতে দেশের সক্ষমতা ও যাত্রী চাহিদা বিবেচনায় বিমানবহর ২০০টিরও বেশি উড়োজাহাজে উন্নীত করার লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।

রোববার (১১ অক্টোবর) ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর সারিন্দা সবারি রিসোর্টে ‘সৃষ্টি সুখের উল্লাসে’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, প্রস্তাবিত ৩৫টি উড়োজাহাজ দেশে আসতে প্রায় ১০ বছর সময় লাগবে। ২০৩১ সাল থেকে পর্যায়ক্রমে উড়োজাহাজ আসা শুরু হবে এবং ২০৩৬ থেকে ২০৩৭ সালের মধ্যে সেগুলো দেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে বহরে থাকা উড়োজাহাজগুলো একসময় পুরোনো হয়ে যাবে। তাই ভবিষ্যতের চাহিদা পূরণ ও যাত্রীসেবা সচল রাখতে এখন থেকেই দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন।

আন্তর্জাতিক বিমান যোগাযোগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, কানাডা, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও চীনের মতো গুরুত্বপূর্ণ গন্তব্যে সরাসরি ফ্লাইট পরিচালনার সুযোগ বাড়াতে হবে। পাশাপাশি বিভিন্ন দেশে ফ্লাইট পরিচালনার জন্য প্রয়োজনীয় স্লট নিশ্চিত করার বিষয়েও কাজ করতে হবে।

পর্যটনশিল্পের বিকাশের প্রসঙ্গে মন্ত্রী নেত্রকোনার বিরিশিরিকে জাতীয় পর্যায়ের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানান। তাঁর মতে, পর্যটন খাতের উন্নয়নের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং আঞ্চলিক অর্থনীতিকে গতিশীল করা সম্ভব।

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীসহ ময়মনসিংহের বিভিন্ন আসনের সংসদ সদস্য, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা। অনুষ্ঠানে সিটি করপোরেশন এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!