অর্থনীতি সচল রাখতে আইনশৃঙ্খলা ফিরিয়ে..
প্রকাশ: 10 October 2026 । 12:01 | আপডেট: 10 October 2026 । 12:01
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা ও জ্বালানি সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৈশ্বিক সংকটের প্রভাব মোকাবিলা এবং দেশের অর্থনীতির চাকা সচল রাখতে আইনশৃঙ্খলা ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় বগুড়া শহরের টিটু মিলনায়তনে জুলাই-২৪ গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিশ্বরাজনীতি বর্তমানে অস্থির সময় পার করছে। ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক পরিস্থিতি তৈরি হয়েছে, পাশাপাশি দেখা দিয়েছে জ্বালানি সংকট। বাংলাদেশ এই পরিস্থিতি যথাযথভাবে মোকাবিলা করতে ব্যর্থ হলে বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়তে পারে।
তিনি বলেন, এই সংকট থেকে উত্তরণ এবং অর্থনীতির চাকা সচল রাখতে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে এবং দেশকে সঠিক পথে পরিচালিত করতে হবে।
জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, দীর্ঘ ১৫ থেকে ১৭ বছরের শাসনের পর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ তৈরি হয়েছে। ছাত্র-জনতা ও রাজনৈতিক নেতাদের সম্মিলিত আন্দোলনের ফলেই এই পরিবর্তন এসেছে। গণতন্ত্র ধরে রাখতে আন্দোলনে অংশগ্রহণকারীদের নিজ নিজ কাজে ফিরে গিয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।
গণঅভ্যুত্থানের পর কয়েকজন ছাত্রনেতার সরকারে যোগ দেওয়া ও নতুন রাজনৈতিক দল গঠনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, তাঁদের রাজনৈতিক কর্মকাণ্ড গণঅভ্যুত্থানের মূল লক্ষ্যকে প্রশ্নের মুখে ফেলেছে। এ সময় দীর্ঘ ১৭ বছর ধরে আন্দোলনে বিএনপির ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি।
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, সড়ক অবরোধ ও মবের মতো কর্মকাণ্ড থেকে সবাইকে সরে আসতে হবে। আইনশৃঙ্খলা বজায় রাখা এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.