মালয়েশিয়ার শ্রমবাজারে আবারও সুযোগ, যাবে..

প্রকাশ: 4 October 2026 । 19:34 | আপডেট: 4 October 2026 । 19:34

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে। প্রাথমিকভাবে ১০ হাজার বাংলাদেশি শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। তবে শ্রমিক পাঠানোর আগে মালয়েশিয়ার নিয়োগদাতাদের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ দিয়ে দক্ষতা নিশ্চিত করা হবে।

রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব তথ্য জানান।

মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে ১০ হাজার শ্রমিক বিনামূল্যে পাঠানোর কার্যক্রম শুরু হবে। মালয়েশিয়া থেকে বিভিন্ন খাতে শ্রমিকের চাহিদা আসার ভিত্তিতে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) ও অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে পরবর্তী শ্রমিক পাঠানো হবে।

তিনি বলেন, শুধু শ্রমিক পাঠালেই হবে না, নিয়োগদাতাদের চাহিদা অনুযায়ী দক্ষ শ্রমিক পাঠাতে হবে। মালয়েশিয়ার নিয়োগদাতারা বাংলাদেশে এসে নিজেদের প্রয়োজন অনুযায়ী শ্রমিক বাছাই করবেন। নির্বাচিত শ্রমিকদের পরবর্তী সময়ে মালয়েশিয়ায় পাঠানো হবে।

শ্রমিক পাঠানোর প্রক্রিয়া এখনো পুরোপুরি শুরু হয়নি জানিয়ে মন্ত্রী বলেন, শ্রমিকদের মেডিকেল পরীক্ষাসহ কিছু প্রক্রিয়া এখনো অনুমোদন করা হয়নি। মালয়েশিয়ার পক্ষ থেকে শ্রমিকের চাহিদা ও অন্যান্য বিষয় চূড়ান্ত হওয়ার পর পরবর্তী কার্যক্রম শুরু হবে।

আগের মতো শ্রমিক পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেট ও হয়রানির অভিযোগ এড়াতে এবার সতর্কতার সঙ্গে প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি। এ ক্ষেত্রে প্রশিক্ষিত ও চাহিদাভিত্তিক শ্রমিক পাঠানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।

এদিকে দেশের অভ্যন্তরে কর্মসংস্থান বাড়াতে চলতি বছরেই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার চালুর কথা জানান শ্রমমন্ত্রী। অনলাইন ও অফলাইনে চাকরিপ্রার্থী এবং শিল্পপ্রতিষ্ঠানের কর্মীর চাহিদার ডাটাবেস তৈরি করা হবে। পাশাপাশি জব ফেয়ার ও ক্যারিয়ার ফেয়ারের মাধ্যমে চাকরিপ্রার্থী খোঁজার উদ্যোগ নেওয়া হবে।

চলতি মাসের মধ্যেই সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে মজুরি বোর্ড গঠন করা হবে বলেও জানান আরিফুল হক চৌধুরী।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!