ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত..
প্রকাশ: 3 October 2026 । 18:51 | আপডেট: 3 October 2026 । 18:51
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন দখল হয়ে থাকা ফুটপাতগুলো পর্যায়ক্রমে দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। পুনরায় ফুটপাত দখলের চেষ্টা হলে সেখানেও অভিযান চালানো হবে বলে জানান তিনি।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, নগরবাসীর চলাচলের সুবিধার জন্য যেখানে প্রয়োজন, সেখানে ফুটপাত দখলমুক্ত করা হবে। উচ্ছেদ করা এলাকাগুলোতে পুনরায় দখল ঠেকাতে স্থানীয় বাসিন্দা, সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে মনিটরিং টিম কাজ করছে।
তিনি জানান, মিরপুর-১০ থেকে হোপ মার্কেট পর্যন্ত দীর্ঘদিনের দখলে থাকা ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য দখলকৃত এলাকাতেও অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নগরবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এদিকে ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম অব্যাহত রয়েছে। ডিএনসিসি জানিয়েছে, চলতি অক্টোবরের মধ্যে ডেঙ্গু নিয়ন্ত্রণে আনতে পরিচ্ছন্নতা, লার্ভা ধ্বংস ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে।
ডিএনসিসি প্রশাসক জানান, স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে উত্তর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে প্রায় ৮০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের পাশাপাশি নগরবাসীকেও নিজ নিজ বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানান তিনি।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.