লাউয়াছড়ায় ট্রেনের হুক খুলে বগি..

প্রকাশ: 2 October 2026 । 20:52 | আপডেট: 2 October 2026 । 20:52

আতাউর রহমান কাজল, ব্যুরো চীফ,সিলেটঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লাউয়াছড়া বনাঞ্চল এলাকায় আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের বগির মধ্যবর্তী হুক খুলে পেছনের নয়টি বগি বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে প্রায় চার ঘণ্টা ওই রেলপথে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে বিচ্ছিন্ন বগিগুলো আবার যুক্ত করে প্রায় চার ঘণ্টা বিলম্বে ট্রেনটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে পৌঁছে।

আজ শুক্রবার (০২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস লাউয়াছড়া বনাঞ্চল এলাকা অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা যায়, ট্রেনটি লাউয়াছড়া বনাঞ্চলের ভেতর দিয়ে যাওয়ার সময় বগির মধ্যবর্তী হুক খুলে যায়। এতে ট্রেনের পেছনের গার্ডব্রেকসহ ৯টি বগি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ সময় ইঞ্জিনসহ সামনের অংশে ১১টি বগি নিয়ে ট্রেনটি প্রায় আধা কিলোমিটার সামনে চলে যায়।

বিষয়টি বুঝতে পেরে ট্রেনের গার্ড ওয়াকিটকির মাধ্যমে চালককে জানালে চালক ইঞ্জিনসহ ১১টি বগি নিয়ে ট্রেনটি থামিয়ে দেন। পরে রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগিগুলোর সঙ্গে ট্রেনের সামনের অংশ যুক্ত করার উদ্যোগ নেন।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের কর্তব্যরত সহকারী স্টেশন মাস্টার শিপলু সূত্রধর জানান, ইঞ্জিনসহ ১১টি বগি নিয়ে ট্রেনটি পরে পেছনের দিকে গিয়ে বিচ্ছিন্ন হয়ে থাকা বগিগুলোর সঙ্গে হুক যুক্ত করা হয়। এরপর ট্রেনটি আবার যাত্রা শুরু করে।

তিনি জানান, প্রায় চার ঘণ্টা বিলম্বের পর বিকেল ৫টা ২০ মিনিটে পাহাড়িকা এক্সপ্রেস শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে এসে পৌঁছে।

এদিকে ট্রেনটি দীর্ঘ সময় পথে আটকে থাকায় এবং রেলপথে চলাচল বন্ধ থাকায় পাহাড়িকা এক্সপ্রেসের কয়েকশ যাত্রী দুর্ভোগে পড়েন। দীর্ঘ সময় ট্রেনের ভেতরে অবস্থান করতে হওয়ায় যাত্রীদের মধ্যে ভোগান্তি ও উৎকণ্ঠা দেখা দেয়।

হঠাৎ করে বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!