রূপপুরের প্রথম ইউনিটের অতিরিক্ত ইউরেনিয়াম..
প্রকাশ: 2 October 2026 । 18:38 | আপডেট: 2 October 2026 । 18:38
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা কাটিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের অতিরিক্ত পারমাণবিক জ্বালানি ইউরেনিয়াম আজ শুক্রবার (২ অক্টোবর) বাংলাদেশে আসছে।
রাশিয়া থেকে কার্গো বিমানে করে জ্বালানির চালানটি দুপুর নাগাদ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। পরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তা পাবনার ঈশ্বরদীর রূপপুর প্রকল্প এলাকায় নেওয়া হবে।
পরিবহন-সংক্রান্ত জটিলতা এবং পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় এর আগে কয়েক দফা চালান আসার সময়সূচি পরিবর্তন করা হয়। নির্ধারিত আকাশপথে জটিলতা দেখা দিলে চীন হয়ে বিকল্প পথে জ্বালানি আনার প্রস্তুতিও রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. মাহমুদুল হাসান বলেন, যে পথেই জ্বালানি আসুক, তা গ্রহণের জন্য কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাছান জানান, প্রথম ইউনিটের জন্য ১২ টিপিএস ইউরেনিয়াম আনার প্রস্তুতি নেওয়া হয়েছে।
এদিকে প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতিও এগিয়ে চলছে। অটোমেটিক প্রেশার রিলিফ ভালভের প্রথম ধাপের পরীক্ষা ১৬ মেগাপ্যাসকেল চাপে সফলভাবে সম্পন্ন হয়েছে। পরবর্তী পরীক্ষা হবে ১৮ মেগাপ্যাসকেল চাপে। সংশ্লিষ্টদের মতে, শেষ ধাপের পরীক্ষা সফল হলে বিদ্যুৎ উৎপাদন শুরুর পথে বড় কোনো কারিগরি বাধা থাকার কথা নয়।
রোসাটম জানিয়েছে, অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানিও বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। ফলে প্রথম ইউনিটের অতিরিক্ত জ্বালানি আসা ও গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা এগিয়ে যাওয়ায় রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি আরও এক ধাপ এগোল।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.