ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে ৮ জোন,..

প্রকাশ: 29 September 2026 । 17:43 | আপডেট: 29 September 2026 । 17:43

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার চলাচল নিয়ন্ত্রণে নিবন্ধন, জোনভিত্তিক চলাচল ও জিপিএস নজরদারির পরিকল্পনা নিয়েছে সরকার। পরিকল্পনা বাস্তবায়িত হলে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে চারটি করে মোট আটটি জোনে ভাগ করা হবে।

প্রতিটি জোনে নির্ধারিতসংখ্যক রিকশা চলবে এবং এক জোনের রিকশা অন্য জোনে প্রবেশ করতে পারবে না। প্রাথমিকভাবে দুই সিটির ফিডার সড়কে চার লাখ করে মোট আট লাখ রিকশা চলাচলের অনুমোদনের প্রস্তাব করা হয়েছে। প্রধান সড়কে এসব রিকশা চলবে না।

স্থানীয় সরকার বিভাগের ‘ই-মোবিলিটি ও ব্যাটারি সোয়াপিং সিস্টেম রোল-আউট পরিকল্পনা (ঢাকা শহর)’ শীর্ষক নথিতে এসব প্রস্তাব রাখা হয়েছে। এতে জিপিএস ও জিও-ফেন্সিং প্রযুক্তির পাশাপাশি রিকশায় আলাদা রং ও জোনভিত্তিক কোডযুক্ত নম্বরপ্লেট ব্যবহারের কথা বলা হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, বুয়েট অনুমোদিত নতুন রিকশা নিবন্ধনের পর সড়কে নামানো হবে। পুরোনো রিকশা এক্সচেঞ্জ কর্মসূচির মাধ্যমে নতুন রিকশা দেওয়ারও প্রস্তাব রয়েছে। একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ পাঁচটি রিকশা নিবন্ধনের সুযোগ এবং প্রতিটির অর্থনৈতিক আয়ুষ্কাল সর্বোচ্চ ১০ বছর নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

দুই সিটের রিকশার নিবন্ধন ফি এককালীন ১০ হাজার টাকা এবং বার্ষিক নবায়ন ফি ৩ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে। ১৮ থেকে ৬৫ বছর বয়সীরা ৫০০ টাকা ফি দিয়ে পাঁচ বছরের জন্য চালকের লাইসেন্স নিতে পারবেন। চালকদের প্রশিক্ষণের ব্যবস্থাও রাখা হয়েছে।

অবৈধ চার্জিং বন্ধে নির্দিষ্ট চার্জিং পয়েন্ট ও গ্যারেজের পাশাপাশি সাবস্ক্রিপশনভিত্তিক ব্যাটারি সোয়াপিং ব্যবস্থা চালুর প্রস্তাব করা হয়েছে। এতে এক থেকে দেড় মিনিটের মধ্যে ব্যবহৃত ব্যাটারি বদলে চার্জ করা ব্যাটারি বসানো যাবে।

পরিকল্পনায় চার লাখ রিকশার জন্য এক হাজার থেকে ছয় হাজার ব্যাটারি সোয়াপিং স্টেশন স্থাপনের সম্ভাব্যতার কথা বলা হয়েছে। প্রতিটি স্টেশনে প্রাথমিক বিনিয়োগ ধরা হয়েছে ১ কোটি ২৯ লাখ টাকা। অর্থায়নে গ্রিন ফান্ড থেকে ৭০ শতাংশ, সরকারি প্রণোদনা ২০ শতাংশ এবং উদ্যোক্তার নিজস্ব বিনিয়োগ ১০ শতাংশ রাখার প্রস্তাব রয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!