শাহাগোলা স্টেশনে ট্রেন আসে-যায়, বাজে..
প্রকাশ: 28 September 2026 । 18:58 | আপডেট: 28 September 2026 । 18:58
মোঃ ফিরোজ আহমেদ নওগাঁ করেসপন্ডেন্ট:-
নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা রেলওয়ে স্টেশন। একসময় যাত্রী ও পণ্য পরিবহনে ব্যস্ত থাকলেও দীর্ঘদিন ধরে কার্যক্রম বন্ধ থাকায় বর্তমানে অনেকটাই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। প্রায় ১৪ বছর ধরে স্টেশনের কার্যক্রম বন্ধ থাকায় যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন। পাশাপাশি অযত্নে নষ্ট হচ্ছে রেলের মূল্যবান সম্পদ।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে স্টেশনটিতে একটি মেল ট্রেন (রকেট মেল) থামলেও নির্ধারিত সময়ে ট্রেন কখন আসে বা যায়, তা অনেক যাত্রী জানতে পারেন না। ফলে ট্রেন চলাচলের সুযোগ থাকলেও কার্যত যাত্রীসেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ব্রিটিশ শাসনামলে রেলপথ স্থাপনের পর আত্রাই ও রাণীনগরের মাঝামাঝি শাহাগোলায় স্টেশনটি স্থাপন করা হয়। সে সময় নিয়মিত লোকাল ট্রেনের যাত্রাবিরতি ছিল। পরবর্তীতে মেল ট্রেনেরও স্টপেজ দেওয়া হয়। তখন স্টেশনে প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবল ছিল এবং রেলপথে ডাবল লাইন চালু করা হয়।
একসময় শাহাগোলা স্টেশনে ট্রেনের যাত্রাবিরতির কারণে আশপাশের হাজারো মানুষ সহজে যাতায়াত করতে পারতেন। পাশাপাশি এলাকার ব্যবসা-বাণিজ্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত স্টেশনটি। প্রতিদিন ট্রেনে করে দেশের বিভিন্ন স্থানে পণ্য পরিবহন করা হতো, যা থেকে রেলওয়ের রাজস্ব আয়ও হতো।
তবে দীর্ঘদিন ধরে স্টেশনের কার্যক্রম বন্ধ থাকায় বদলে গেছে সেই চিত্র। স্টেশন ভবনসহ বিভিন্ন স্থাপনা ও রেলের সম্পদ অযত্নে পড়ে থেকে নষ্ট হচ্ছে।
স্থানীয়দের দাবি, শাহাগোলা রেলওয়ে স্টেশনের কার্যক্রম পুনরায় চালু করে নিয়মিত যাত্রীসেবা নিশ্চিত করা হলে দীর্ঘদিনের দুর্ভোগ কমবে। একই সঙ্গে বাড়বে রেলওয়ের রাজস্ব আয়।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.