শ্রীমঙ্গলে সড়ক-ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল..
প্রকাশ: 25 September 2026 । 14:06 | আপডেট: 25 September 2026 । 14:06
আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”
মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে সড়ক ও ফুটপাত দখলমুক্ত, যানজট নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে আটটি দোকান এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও পরিবেশনের দায়ে একটি প্রতিষ্ঠানকে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শহরের স্টেশন রোড ও হবিগঞ্জ রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সড়ক ও ফুটপাতের ওপর পণ্যসামগ্রী রেখে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং রাস্তার জায়গা দখল করে ব্যবসা পরিচালনার বিষয়গুলো তদারকি করা হয়।
এ সময় ফুটপাত ও সড়ক দখলের দায়ে আটটি দোকানকে দুই হাজার টাকা করে মোট ১৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও পরিবেশনের দায়ে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম।
অভিযানকালে ব্যবসায়ীদের সড়ক ও ফুটপাত দখল না করা এবং খাদ্যপণ্য উৎপাদন ও পরিবেশনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে অনিয়মের পুনরাবৃত্তি হলে আইন অনুযায়ী আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, “শ্রীমঙ্গলের সড়ক ও ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য। এগুলো দখল করে ব্যবসা পরিচালনার কারণে যানজটের পাশাপাশি পথচারীদের ভোগান্তি বাড়ছে। জনস্বার্থে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।”
তিনি বলেন, “আমাদের উদ্দেশ্য শুধু জরিমানা আদায় করা নয়। ব্যবসায়ী ও নাগরিকদের মধ্যে সচেতনতা তৈরি করে একটি শৃঙ্খলাপূর্ণ, পরিচ্ছন্ন ও সুন্দর শহর গড়ে তোলাই মূল লক্ষ্য। এজন্য প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন।”
ইউএনও আরও বলেন, “শ্রীমঙ্গল একটি গুরুত্বপূর্ণ পর্যটন শহর। শহরের পরিচ্ছন্নতা, পরিবেশ ও সৌন্দর্য রক্ষার পাশাপাশি নাগরিকদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা জরুরি। সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হলে শ্রীমঙ্গলকে আরও সুন্দর ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলা সম্ভব।”
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে শহরের সড়ক-ফুটপাত দখলমুক্ত রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.