‘এ দেশটা ধ্বংস হয়ে যাক,..
প্রকাশ: 20 September 2026 । 14:27 | আপডেট: 20 September 2026 । 14:27
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
একমাত্র সন্তান অপ্রতিমকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগম। সন্তানের মরদেহ সামনে রেখে ক্ষোভ আর কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন, ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক। এ দেশের দরকার নাই।’
অপ্রতিমের বাড়িতে এখন শুধুই কান্নার শব্দ। ঘরের দেয়ালে দেয়ালে ছড়িয়ে আছে তার হাসিমুখের ছবি, অথচ সেই ঘরেই আজ নিথর হয়ে ফিরেছে একমাত্র সন্তান। মায়ের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। নির্বাক বাবা, স্বজনদের চোখেও অশ্রু।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে হাসিমুখে মায়ের মোবাইল ফোন নিয়ে ছবি তুলতে বাড়ি থেকে বের হয়েছিল অপ্রতিম। এরপর সন্ধ্যা পেরিয়ে রাত হলেও সে আর ফেরেনি। পরিবারের সদস্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
প্রায় ২১ ঘণ্টা পর শনিবার সকালে লালমাই পাহাড়ের পাদদেশের জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। তবে তার সঙ্গে থাকা মায়ের দেওয়া আইফোনটি পাওয়া যায়নি। পুলিশ ও পরিবারের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে, ফোনটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যার কারণ নিশ্চিত নয়।
সন্তান নিখোঁজ হওয়ার পর তাকে ফিরে পাওয়ার আকুতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন মা নাহিদা বেগম। সন্তানের ছবি দিয়ে বারবার তাকে খুঁজে দেওয়ার আবেদন করেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত অপেক্ষার অবসান হয়েছে সন্তানের মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে।
রোববার সকালে দ্বিতীয় দফা জানাজা শেষে কোটবাড়ী বাগমারা কবরস্থানে অপ্রতিমের দাফন সম্পন্ন হয়েছে। এর আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয় তার প্রথম জানাজার নামাজ। জানাজায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সহপাঠী, স্বজন ও স্থানীয়রা অংশ নেন।
এদিকে অপ্রতিম হত্যার ঘটনায় তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.