গভীর রাতে হঠাৎ শব্দ, বেডরুমের..

প্রকাশ: 19 September 2026 । 15:51 | আপডেট: 19 September 2026 । 15:51

আতাউর রহমান কাজল, ব্যুরো চীফ,সিলেটঃ

রাত তখন ১২টা ১০ মিনিট। সারাদিনের ব্যস্ততা শেষে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন পরিবারের সদস্যরা। হঠাৎ বেডরুমের ভেতর থেকে ভেসে এলো অস্বাভাবিক শব্দ। প্রথমে কেউ বুঝতে পারলেন না, শব্দটি কোথা থেকে আসছে। একটু পর আবারও শব্দ। কৌতূহল আর শঙ্কা নিয়ে টর্চলাইটের আলো ফেলা হলো খাটের নিচে।

আলো পড়তেই যেন চোখ কপালে ওঠার জোগাড়! খাটের নিচে কুণ্ডলী পাকিয়ে বসে আছে বিশাল আকৃতির একটি অজগর। মুহূর্তেই পুরো বাসাজুড়ে নেমে এলো আতঙ্ক। ঘুমাতে যাওয়ার ঠিক আগমুহূর্তে বেডরুমের খাটের নিচে এমন ‘অতিথি’ দেখে পরিবারের সদস্যরা রীতিমতো ভীত হয়ে পড়েন।

ঘটনাটি শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে শ্রীমঙ্গল পৌরসভার ইছবপুর এলাকায়। মিতালি ডেকোরেটার্সের মালিক প্রয়াত হারুন মিয়ার বাসায় ঘটে এ ঘটনা।

বাড়িতে বিশাল অজগর ঢুকে পড়ার খবর পেয়ে পরিবারের সদস্যরা বিষয়টি জানান ডাক্তার প্রলাদ বাবুকে। গভীর রাত হওয়ায় তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করে সাপটি উদ্ধারের অনুরোধ জানান।

তখন ফাউন্ডেশনের সদস্যরা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু মানুষের ঘরে ঢুকে পড়া বিশাল অজগরের খবর পেয়ে আর দেরি করেননি তারা। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ।

রাতের নীরবতা ভেঙে তারা পৌঁছে যান ইছবপুরের ওই বাড়িতে। এরপর শুরু হয় খাটের নিচে থাকা অজগর উদ্ধারের কাজ। শেষ পর্যন্ত সতর্কতার সঙ্গে অজগরটিকে খাটের নিচ থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। বাইরে বের করে আনার পর সাপটির বিশাল আকৃতি দেখে উপস্থিত সবাই আরও বিস্মিত হন। উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৬ ফুট এবং ওজন প্রায় ২৬ কেজি বলে জানিয়েছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।পরে অজগরটিকে শ্রীমঙ্গল বন্যপ্রাণী বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

সাম্প্রতিক সময়ে শ্রীমঙ্গলের বিভিন্ন এলাকায় একের পর এক সাপ লোকালয়ে চলে আসার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। বসতবাড়ি ও আশপাশের এলাকায় সাপের উপস্থিতি বাড়ায় সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক তৈরি হচ্ছে।

তবে সাপ দেখলেই আতঙ্কিত হয়ে সেটিকে মারার চেষ্টা না করে নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দিয়েছে ফাউন্ডেশন। কোনো বাড়ি বা লোকালয়ে সাপ ঢুকে পড়লে দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন অথবা সংশ্লিষ্ট বন্যপ্রাণী বিভাগের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে তারা।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!