ঝালকাঠির কাঠালিয়ায় কৈখালী বাজারে ভয়াবহ..
প্রকাশ: 18 September 2026 । 13:51 | আপডেট: 18 September 2026 । 13:51
মোঃ মাছুম বিল্লাহ, কাঁঠালিয়া করেসপন্ডেন্ট, ঝালকাঠিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কৈখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে ব্যবসায়ীদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। আগুন নেভাতে গিয়ে তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ৪টার দিকে কৈখালী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের পাশাপাশি কাঠালিয়া ও পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই আগুনে ১২টি ব্যবসাপ্রতিষ্ঠান ও দুটি গুদামঘর পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়দের ও ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, বাজারের ফিরোজের কসমেটিকসের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ফিরোজের কসমেটিকসের দোকান, মন্টু ইলেকট্রনিকস, লিটন মুন্সীর মুদির দোকান, সবুজ খানের কসমেটিকসের গুদাম, হাসান মৃধার অপটিক্যাল ফাইবারের অফিস, মতি মোল্লা ও বিমলের মুদির দোকান ও বেকারি, আব্দুল কাদেরের টিভি সার্ভিসিং সেন্টারসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডে তাদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা এবং ঘর নির্মাণের জন্য ঢেউটিন দেওয়ার আশ্বাস দেন।
কাঠালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. খলিলুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.