একনেকে ১ লাখ ৬৮ হাজার..
প্রকাশ: 16 September 2026 । 19:38 | আপডেট: 16 September 2026 । 19:38
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকী।
অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন ৪৮ হাজার ২৫৬ কোটি ৩০ লাখ টাকা, প্রকল্প ঋণ ১ লাখ ২০ হাজার ৪৬৬ কোটি ৩৯ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৫৭ কোটি ৭১ লাখ টাকা। ১২ প্রকল্পের মধ্যে সাতটি নতুন ও পাঁচটি সংশোধিত।
অনুমোদিত প্রকল্পের মধ্যে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের পাঁচটি প্রকল্প রয়েছে। এর মধ্যে রয়েছে মেট্রোরেল লাইন-৫ সাউদার্ন রুট, মেট্রোরেল লাইন-৫ নর্দান রুটের প্রথম সংশোধন এবং মেট্রোরেল লাইন-১-এর প্রথম সংশোধন। পাশাপাশি রাজশাহী ও চট্টগ্রাম সড়ক জোনের জেলা মহাসড়ক উন্নয়নের দুটি প্রকল্প রয়েছে।
রেলপথ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প হলো নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর সেকশনে ইলেকট্রিক ট্রাকশন চালু এবং বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত নতুন ডুয়েলগেজ রেলপথ নির্মাণের প্রথম সংশোধিত প্রকল্প।
এ ছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরিশাল সেনানিবাস স্থাপন ও খুলনা নৌ অঞ্চলে অবকাঠামো নির্মাণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের টেক্সটাইল ও চামড়া খাতের শ্রমিকদের কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা উন্নয়ন প্রকল্প অনুমোদন পেয়েছে।
পাশাপাশি খুলনা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন এবং মনপুরা দ্বীপাঞ্চলে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আপগ্রেডেশন ও সম্প্রসারণের প্রথম সংশোধিত প্রকল্পও অনুমোদন দেওয়া হয়েছে।
সভায় ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও ১৫টি প্রকল্প সম্পর্কে অবহিত করা হয়। এসব প্রকল্প পরিকল্পনামন্ত্রীর নিজস্ব ক্ষমতাবলে অনুমোদন করা হয়েছে। এর মধ্যে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন, ভাসানচরে গ্রিন বেল্ট ও কক্সবাজারে পুনর্বনায়ন, টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন, বন্যা পূর্বাভাসের জন্য ৩ডি মডেল প্রস্তুত এবং সিলেট-১০ নম্বর অনুসন্ধান কূপ খননসহ বিভিন্ন প্রকল্প রয়েছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.