প্রকৃতি, পরিবেশ ও প্রাণী রক্ষায়..

প্রকাশ: 10 September 2026 । 19:46 | আপডেট: 10 September 2026 । 20:48

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

প্রকৃতি ও পরিবেশ রক্ষার পাশাপাশি সব প্রাণীর প্রতি ভালোবাসা ও যত্নশীল হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, গাছপালা ও প্রাণিকুলের যত্ন নেওয়া মানুষের দায়িত্ব। কোনো প্রাণীকে আঘাত না করে তাদের প্রতি মমত্ববোধ দেখাতে হবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে রাজশাহীর পুঠিয়া বালিকা উচ্চবিদ্যালয়, ঢাকার সাভার উচ্চবালিকা বিদ্যালয়, তেজগাঁও মহিলা কলেজ এবং টঙ্গীর শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বেশি করে গাছ লাগানো এবং চারপাশ পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখার আহ্বান জানান। ছোটবেলা থেকেই প্রকৃতি, পরিবেশ ও প্রাণিকুলের প্রতি দায়িত্বশীল হওয়ার অভ্যাস গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।

পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলা শারীরিক সুস্থতার পাশাপাশি শৃঙ্খলা, আত্মবিশ্বাস, মনোযোগ ও দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তোলে। গান, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও বাদ্যযন্ত্র চর্চার পাশাপাশি ক্বিরাত চর্চারও পরামর্শ দেন তিনি।

এদিন চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা জাতীয় সংসদ ভবনে এসে সংসদের অধিবেশন প্রত্যক্ষ করেন। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ পান তারা।

প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে। তারা জানায়, তাঁর পরামর্শ ও দিকনির্দেশনা তাদের অনুপ্রাণিত করেছে এবং সাক্ষাৎটি তাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!