এসএসসি পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস..
প্রকাশ: 10 September 2026 । 14:15 | আপডেট: 10 September 2026 । 14:15
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে ৩ হাজার ৬৬৬ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৭৪০ জন। পুনর্নিরীক্ষণের পর মোট ২৫ হাজার ৬২০ জন শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হয়। আবেদনকারীদের মুঠোফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানানো হয়েছে। এছাড়া নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে ফল দেখা যাচ্ছে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পরিসংখ্যান অনুযায়ী, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে ২৫ হাজার ৬২০ জন শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। এসব শিক্ষার্থীর ৪৯ হাজার ১৪৩টি বিষয়ে নম্বর পরিবর্তন হয়েছে। এর মধ্যে আগে অকৃতকার্য ৩ হাজার ৬৬৬ জন শিক্ষার্থী পাস করেছেন এবং ২ হাজার ৭৪০ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছেন।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেন ১৪ লাখ ৪ হাজার ৫৩৯ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ৩ লাখ ৪১ হাজার ৬২৫ জন পরীক্ষার্থী ৯ লাখ ১৮ হাজার ৬৫০টি বিষয়ে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেন। বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ফল পরিবর্তন হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডে।
এর আগে ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার মূল ফল প্রকাশ করা হয়। ১৭ আগস্ট রাতে পুনর্নিরীক্ষণের আবেদন শেষ হওয়ার পর ২৪ দিন এবং মূল ফল প্রকাশের ৩১ দিন পর আজ পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হলো।
এবার ১১টি শিক্ষা বোর্ডে মোট ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করেন। লিখিত ও ব্যবহারিক মিলিয়ে মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়ে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.