ভোলায় হবে বিদ্যুৎকেন্দ্র, সার কারখানা..
প্রকাশ: 9 September 2026 । 19:45 | আপডেট: 9 September 2026 । 19:45
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
ভোলা থেকে পাইপলাইনের মাধ্যমে মূল ভূখণ্ডে গ্যাস নিতে অন্তত সাত বছর সময় লাগবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তাই দীর্ঘ অপেক্ষা না করে ভোলাতেই শিল্প-কারখানা, সার কারখানা ও বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে মহিলা আসন-১৭-এর সদস্য সুলতানা আহমেদের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ভোলার গ্যাস পাইপলাইনের মাধ্যমে মূল ভূখণ্ডে নেওয়ার পরিকল্পনা বাস্তবায়নে প্রায় সাত বছর সময় লাগতে পারে। তাই দ্রুত কার্যকর বিকল্প পদক্ষেপের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। ভোলায় গ্যাসভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টি এবং আঞ্চলিক অর্থনীতির বিকাশ ঘটবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ভোলার গ্যাস ব্যবহারে একটি বড় সার কারখানা এবং ৫০০ মেগাওয়াট ক্ষমতার নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী।
ভোলা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলামের প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০২৬ সালের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে জুলাই ২০২৬ থেকে জুন ২০৩১ মেয়াদে একটি কৌশলগত উন্নয়ন কাঠামো প্রণয়ন করা হয়েছে। এতে দেশের প্রতিটি অঞ্চলের সুষম অর্থনৈতিক প্রবৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ভোলার প্রাকৃতিক সম্পদ, উপকূলীয় ঝুঁকি, স্থানীয় চাহিদা ও অবকাঠামোগত সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে জেলার জন্য সমন্বিত মাস্টারপ্ল্যান করা হচ্ছে।
তিনি জানান, ভোলায় আরও একটি ৪০০ মেগাওয়াট ক্ষমতার গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ভেদুরিয়া ও ইলিশা গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন ৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস এলএনজিতে রূপান্তর করে লাইটারেজ অপারেশনের মাধ্যমে খুলনার বিদ্যুৎ হাবে সরবরাহের উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ ছাড়া ভোলা ও আশপাশের দ্বীপগুলোকে ব্লু ইকোনমির গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। এর আওতায় ইলিশ ও অন্যান্য মৎস্যসম্পদ সংরক্ষণ, চরাঞ্চলে কৃষির বিকাশ, জলবায়ু সহনশীল অবকাঠামো এবং নৌ-নিরাপত্তায় গুরুত্ব দেওয়া হবে।
ভোলার গ্যাস, কৃষি ও উপকূলীয় মৎস্যসম্পদকে কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদি উন্নয়ন এবং সরকারি-বেসরকারি বিনিয়োগ বাড়ানোর ওপর সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.